প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মে ২০২৬ ২২:১০ পিএম
আপডেট : ১২ মে ২০২৬ ২২:১৫ পিএম
বাহরাইনের পতাকা। ছবি: রয়টার্স
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে বাহরাইন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুসারে, যুদ্ধ চলাকালে বাহরাইনে হামলা চালাতে ইরানকে সহায়তার অভিযোগে তাদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে দেওয়া কঠোর শাস্তিগুলোর মধ্যে এটি অন্যতম।
বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্ট আরও ২০ জনের বেশি অভিযুক্তকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে।
আদালত জানিয়েছে, দণ্ডপ্রাপ্তরা সাম্প্রতিক সময়ে বাহরাইনে হামলা চালাতে ইরানকে সহায়তা করেছে।
যাবজ্জীবন দণ্ড পাওয়া এক আসামির বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের সাথে মিলে বাহরাইনের বিরুদ্ধে “শত্রুতামূলক কর্মকাণ্ড” চালিয়েছেন এবং জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন।
আরেক মামলায় আদালত আরও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের রেভল্যুশনারি গার্ডের হয়ে বাহরাইনের বিরুদ্ধে “সন্ত্রাসী কর্মকাণ্ড” পরিচালনার উদ্দেশ্যে গুপ্তচরবৃত্তি করেছে।