× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে দুই বাংলাদেশি নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৬ ০০:৩৩ এএম

আপডেট : ১২ মে ২০২৬ ০০:৪৩ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। 

নাবাতিহ জেলার জিবদিন এলাকায় তাদের আবাসস্থলে সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এই নিয়ে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে ১০ জন বাংলাদেশি নিহত হলেন। লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম। শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকায়। তার বাবার নাম আফসার আলী ও মায়ের নাম আজেয়া খাতুন। অন্যদিকে নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনির কাদাকাটি এলাকায়। তার বাবার নাম আব্দুল কাদের ও মায়ের নাম নুরুন্নাহার খাতুন। 

দূতাবাস সূত্র জানায়, দুজনই লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিহর জিবদিন এলাকায় নিজেদের বাসায় অবস্থান করছিলেন। দুপুর ১২টার দিকে ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। তাদের মরদেহ নাবাতিহর নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। 

দুই প্রবাসীর মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দূতাবাস। শোকবার্তায় প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, নিহতদের মরদেহ ও পরবর্তী আনুষ্ঠানিকতা নিয়ে দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

লেবাননভিত্তিক সংবাদ মাধ্যম লরিয়েন্ট টুডে সোমবার জানিয়েছে, দক্ষিণ লেবাননের জিবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসীকর্মী ও একজন সিরীয় নাগরিক নিহত হয়েছেন। নিহত তিন ব্যক্তিই ওই এলাকায় কাজ করছিলেন। 

চলতি বছরের ২ মার্চ লেবাননে পুনরায় অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ৮৬৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া আহত হয়েছেন আরও ৮ হাজার ৭৩০ জন মানুষ।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা