× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম ভাষণে বিজয় থালাপতি

তামিলনাড়ুতে ধর্মনিরপেক্ষ ও ন্যায়বিচারের যুগ শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মে ২০২৬ ০৯:৫৫ এএম

আপডেট : ১১ মে ২০২৬ ১০:১২ এএম

চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে রবিবার শপথ অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় (বাঁয়ে) এবং কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী (মাঝে)। পাশে রয়েছেন তামিলনাড়ু রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার। ছবি: এএফপি

চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে রবিবার শপথ অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় (বাঁয়ে) এবং কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী (মাঝে)। পাশে রয়েছেন তামিলনাড়ু রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার। ছবি: এএফপি

ভারতের তামিলনাড়ুতে এক নতুন ভোরের ডাক দিলেন সি জোসেফ বিজয়।

চার দিনের রুদ্ধশ্বাস নাটকীয়তা আর টান টান উত্তেজনার পর রবিবার সকালে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রধান।

এরই মধ্য দিয়ে রাজ্যটির রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ ৬০ বছরের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটল।

শপথ নিয়েই বিজয় থালাপতি সাফ জানিয়ে দিয়েছেন, তামিলনাড়ুতে এখন থেকে ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারের এক নতুন যুগের সূচনা হলো।

তবে বিজয়কে সমর্থন দেওয়ায় কংগ্রেসের প্রতি ‘জোটসঙ্গীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা’র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে কেরালা বিধানসভায় জয় পাওয়ার পর কংগ্রেস সরকারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেনুগোপালকে দেখতে চান দলের কেন্দ্রীয় নেতা রাহুল গান্ধী। অন্যদিকে আসামের বিধানসভায় আবারও জয়লাভ করে টানা দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে মোদির উপস্থিতিতে আগামীকাল শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। খবর: এনডিটিভি ও দ্য হিন্দুর।

শপথ নেওয়ার পর প্রথম ভাষণে বিজয়ের যে সুরটি সবচেয়ে প্রকট ছিল, তা হলো ‘একচ্ছত্র কর্তৃত্ব’।

তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “তামিলনাড়ুতে আমি ছাড়া ক্ষমতার আর কোনো উৎস থাকবে না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমিই হব একমাত্র কেন্দ্র।”

তার সরকার কোনো জোটসঙ্গীর অন্যায্য চাপের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন বিজয়। 

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, তামিলনাড়ুর সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বিনামূল্যে করার নির্দেশ দিয়েছেন তিনি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রাজ্যে মাদকের বিস্তার রোধে একটি ‘স্পেশাল টাস্কফোর্স’ গঠনের ঘোষণা দেন।

এর পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ বাহিনী এবং সার্বক্ষণিক হেল্পলাইন চালু করার নির্দেশ দিয়েছেন তিনি।

আবেগঘন কণ্ঠে বিজয় বলেন, “একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি রাজপরিবার থেকে আসিনি, দারিদ্র্য আর ক্ষুধা দেখেই বড় হয়েছি। আমি আপনাদের ছেলে, আপনাদেরই ভাই।”

তিনি আরও যোগ করেন, “আমি ফেরেশতা নই, রক্ত-মাংসের মানুষ। যা পারব না, তার প্রতিশ্রুতি দেব না। তবে মানুষের একটি পয়সাও কাউকে লুটে নিতে দেব না।”

তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে ১০৭টি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮-এর ম্যাজিক ফিগার ছুঁতে বিজয়কে বেশ কসরত করতে হয়েছে।

শেষ পর্যন্ত কংগ্রেস (৫ আসন), বামদল (৪ আসন), ভিসিকে (২ আসন) ও মুসলিম লীগের সমর্থনে ১২০ বিধায়কের শক্তি নিয়ে তিনি রাজভবনে সরকার গঠনের দাবি জানান।

এজন্য রাহুল গান্ধীকে বড় ভাই হিসেবে সম্বোধন করে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বিজয়ের সঙ্গে আরও ৯ জন মন্ত্রী শপথ নিয়েছেন। বুধবারের মধ্যে বিধানসভায় বিজয়কে তার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

তামিলনাড়ুতে দীর্ঘদিনের মিত্র ডিএমকের সঙ্গ ছেড়ে বিজয়ের টিভিকে দলকে সমর্থন দেওয়ায় কংগ্রেসকে ‘পরজীবী’ ও ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বেঙ্গালুরুতে এক জনসভায় তিনি বলেন, ক্ষমতার লোভে কংগ্রেস মিত্রদের পিঠে ছুরি মারে।

পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপির ঐতিহাসিক জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, কংগ্রেসশাসিত রাজ্যগুলোতে কেবল লুটপাট আর অভ্যন্তরীণ কোন্দল চলছে।

এদিকে কেরালায় কংগ্রেসের অন্দরে এখন নতুন সংকট।

নির্বাচনে ইউডিএফ জোট ১০২টি আসনে জয়ী হয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দলে বিভক্তি দেখা দিয়েছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী চাইছেন অলপ্পুঝার সংসদ সদস্য ও দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেনুগোপালকে এই দায়িত্ব দিতে। তবে কেরালার বর্তমান বিরোধীদলীয় নেতা ভিডি সতিশান এই সিদ্ধান্তের ঘোর বিরোধী।

অন্যদিকে পূর্ব ভারতে বিজেপির দুর্গ আসামে কোনো অনিশ্চয়তা নেই। বিধানসভায় টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছে বিজেপি।

আর গুয়াহাটিতে রবিবার দলের সদর দপ্তরে নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মাকে সর্বসম্মতিক্রমে এনডিএ সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে।

গুয়াহাটির খানাপাড়ায় মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা