বিবিসি বাংলা
প্রকাশ : ০৭ মে ২০২৬ ২১:৫৮ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬ ২১:৫৮ পিএম
তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জী। ছবি: বিবিসি বাংলা
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির নির্দেশে বৃহস্পতিবার রাজ্যের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে।
রাজভবনের এই সিদ্ধান্তের ফলে সাংবিধানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদের অবসান ঘটল। বিধানসভার মেয়াদ শেষ হওয়া এবং সাম্প্রতিক নির্বাচনের ফল প্রকাশের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যেই রাজভবন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের ২(বি) উপধারা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল এই বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করেছেন। এর ফলে বিদায়ি মন্ত্রিসভা এবং বিধানসভার আইনি অস্তিত্ব বিলুপ্ত হলো।
এদিকে নির্বাচনি ফলাফল ঘোষণার পর রাজনৈতিক মহলে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিধানসভা ভেঙে দেওয়া হলেও বিদায়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পরাজয় স্বীকার করেননি এবং আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতেও অস্বীকৃতি জানিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যপালের এই বিজ্ঞপ্তির পর আইনিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদে থাকার আর কোনো সুযোগ নেই।
এর আগে, গত সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর দেখা যায়, ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে বিপুল জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিজেপি রাজ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। দলীয় সূত্র জানায়, ইতিমধ্যেই মন্ত্রিসভা গঠনের প্রাথমিক রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।
আগামী ৯ মে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।