প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ মে ২০২৬ ২১:৪৯ পিএম
ইরানের সড়কে প্রতিবাদমূলত গ্রাফিতি। ছবি: রয়টার্স
মধ্যপ্রাচ্যে একদিকে যেমন যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উত্তেজনা বাড়ছে, অন্যদিকে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টাও জোরদার হয়েছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব আজ দিতে পারে ইরান। এমনটাই দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
সিএনএন বলছে, সংক্ষিপ্ত এক সমঝোতা স্মারক নিয়ে দুই পক্ষ আগের তুলনায় সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করার পদক্ষেপ নিয়েছে তেহরান।
এক নথির বরাতে সিএনএন বলছে, প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছে ইরান। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন নিয়ম আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে।
রাজনৈতিক অঙ্গনেও এসেছে গুরুত্বপূর্ণ খবর। ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি দেশের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন।
ইরানি গণমাধ্যমের দাবি, খামেনির সঙ্গে কোনো শীর্ষ ইরানি কর্মকর্তার এটিই প্রথম প্রকাশ্য সরাসরি বৈঠক।
অন্যদিকে, সপ্তাহজুড়ে বড় ধরনের ওঠানামার পর আন্তর্জাতিক বাজারে আজ তেলের দাম কিছুটা কমেছে। তবে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম এখনও গ্যালনপ্রতি ৪ দশমিক ৫০ ডলারে স্থির রয়েছে। একই সময়ে জ্বালানি খাতের বড় প্রতিষ্ঠান শেল জানিয়েছে, তাদের মুনাফা ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বেড়েছে।
এদিকে লেবাননের যুদ্ধবিরতি পরিস্থিতিও নতুন করে চাপের মুখে পড়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে। যুদ্ধবিরতির পর বৈরুতে এটিই প্রথম হামলা বলে জানা গেছে।