× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৬ ২০:২৯ পিএম

উদ্ধার কার্যক্রম চলাকালে নতুন দুর্ঘটনা এড়াতে উদ্ধারকর্মীরা পানি ছিটানো ও আর্দ্রতা বৃদ্ধি করার মতো ব্যবস্থা নেন। ছবি: বিবিসি

উদ্ধার কার্যক্রম চলাকালে নতুন দুর্ঘটনা এড়াতে উদ্ধারকর্মীরা পানি ছিটানো ও আর্দ্রতা বৃদ্ধি করার মতো ব্যবস্থা নেন। ছবি: বিবিসি

চীনের হুনান প্রদেশের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২৬ জন নিহত এবং অন্তত ৬১ জন আহত হয়েছেন। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এর আগে, সোমবার বিকেলে দক্ষিণ চীনের লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর কর্তৃপক্ষ কারখানাটির ৩ কিলোমিটার (১.৯ মাইল) ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ইতিমধ্যে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার কাজে ১৫০০-এর বেশি জরুরি সেবা কর্মী অংশ নেন। উদ্ধার অভিযানে ড্রোন, রোবট এবং প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সংশ্লিষ্ট আতশবাজি কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ চলাকালে কারখানার ভেতরে থাকা দুটি বারুদের গুদাম অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। উদ্ধারকারীরা পরবর্তী দুর্ঘটনা এড়াতে এলাকাটি আর্দ্র রাখার বিশেষ ব্যবস্থা নেন।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশের আবাসিক ভবনগুলোর জানালার কাঁচ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, আহতদের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে। উড়ন্ত ধ্বংসাবশেষের আঘাতে অনেকের হাড় ভেঙে গেছে এবং গুরুতর জখম হয়েছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের সর্বোচ্চ চিকিৎসা এবং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে কঠোর তদন্তের নির্দেশ দেন তিনি।

স্থানীয়দের ভাষ্য 

বিস্ফোরণস্থল থেকে ১ কিলোমিটার দূরে থাকা এক বাসিন্দা বেইজিং নিউজকে বলেন, ‘বিস্ফোরণের ফলে বড় বড় পাথর ছিটকে রাস্তায় এসে পড়েছে, ফলে আমাদের বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। বাড়ির কাঁচের জানালা ভেঙে গেছে, এমনকি জানালার অ্যালুমিনিয়াম ফ্রেম ও স্টিলের দরজাও দুমড়ে-মুচড়ে গেছে’। 

তিনি জানান, আতঙ্কে অনেক বাসিন্দা গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

লিউইয়াং শহরটি বিশ্বের বৃহত্তম আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। চীনে আতশবাজি কারখানা বা দোকানে বিস্ফোরণ প্রায়শই ঘটে থাকে। এর আগে গত ফেব্রুয়ারিতে হুবেই প্রদেশের একটি আতশবাজি দোকানে বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা