বিবিসি বাংলা
প্রকাশ : ০৪ মে ২০২৬ ২২:২১ পিএম
আপডেট : ০৪ মে ২০২৬ ২২:৩৮ পিএম
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) লোগো। ফাইল ফটো
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের জয়ের পথে এগিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দীর্ঘ এক দশকের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে পদ্ম শিবির।
ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাত পৌনে ১০টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে বিজেপি ১৬৭টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস জয়ী হতে পেরেছে মাত্র ৫৯টি আসনে।
এদিকে এখনো ৬১টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। তবে প্রাথমিক গণনা অনুযায়ী, এই আসনগুলোর মধ্যে বিজেপি ৪১টিতে এবং তৃণমূল কংগ্রেস ২০টিতে এগিয়ে রয়েছে।
অন্যদিকে, বাম ও কংগ্রেস জোটের মধ্যে সিপিআই (এম) এবং কংগ্রেস মাত্র ২টি করে আসনে জয়লাভ করেছে। এছাড়া অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) একটি আসনে জয়ী হয়েছে।
এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও বিজেপির কর্মী-সমর্থকরা রাজ্যজুড়ে বিজয় উল্লাস শুরু করেছেন। তবে তৃণমূল শিবিরের পক্ষ থেকে এখন পর্যন্ত পরাজয় নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।