প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ মে ২০২৬ ১৬:৩০ পিএম
আপডেট : ০৮ মে ২০২৬ ১৬:৪৭ পিএম
দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক এক প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে পাকিস্তানের অযাচিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বালুচ মানবাধিকার নেতা মীর ইয়ার বালুচ। পাকিস্তানের সমালোচনাকে ‘স্মিয়ার প্রোপাগান্ডা’ বা নোংরা অপপ্রচার হিসেবে অভিহিত করে তিনি ইসলামাবাদের ‘দ্বিমুখী সত্তা’ বিশ্বদরবারে তুলে ধরেছেন।
গত মঙ্গলবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় আরএসএস সংশ্লিষ্ট একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভ দানা বাঁধে। এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক প্রেস ব্রিফিংয়ে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে ‘উগ্র হিন্দুত্ববাদী আদর্শ’ প্রবেশের সমালোচনা করেন।
পাকিস্তানের এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে বালুচ অধিকারকর্মী মীর ইয়ার বালুচ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) লেখেন, “ভারত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়, আর পাকিস্তান বালুচিস্তানের শিক্ষার্থীদের সাথে তাদের বইগুলোকেও বন্দি করে। যে দেশ নিজের ভূখণ্ডে শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বন্ধ করে দেয়, তাদের ভারতকে গণতন্ত্র বা অধিকার নিয়ে জ্ঞান দেওয়ার কোনো অধিকার নেই।”
তিনি আরও অভিযোগ করেন, বালুচিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে এবং বালুচ সাহিত্যের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মীর ইয়ার বালুচ বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনী বালুচ শিক্ষার্থীদের কাছ থেকে বই কেড়ে নিচ্ছে এবং বুক স্টল থেকে সাহিত্য বাজেয়াপ্ত করছে।
মীর বালুচ ২০১৯ সালে বালুচিস্তান বিশ্ববিদ্যালয়ের একটি কলঙ্কজনক ঘটনার কথা স্মরণ করিয়ে দেন। তিনি অভিযোগ করেন, পাকিস্তানি সেনাবাহিনী ও আইএসআই-এর তত্ত্বাবধানে ছাত্রীদের ওয়াশরুম বা শৌচাগারে গোপন ক্যামেরা লাগিয়ে হাজার হাজার ভিডিও রেকর্ড করা হয়েছিল, যা পরবর্তীতে ব্ল্যাকমেইলের কাজে ব্যবহৃত হয়।
এই মানবাধিকার নেতার মতে, পাকিস্তান বর্তমানে বিশ্বের অন্যতম ‘প্রতারক রাষ্ট্র’ হিসেবে পরিচিতি পেয়েছে। বালুচ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ এবং নারীদের মর্যাদাহানি করার মাধ্যমে পাকিস্তান সব ধরনের মানবিক ও নৈতিক সীমা অতিক্রম করেছে। তিনি প্রশ্ন তোলেন, যে দেশে মুক্তচিন্তা ও শিক্ষার অধিকার ভূলুণ্ঠিত, সেই দেশ কীভাবে ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অভ্যন্তরীণ শিক্ষা ব্যবস্থা নিয়ে মন্তব্য করার সাহস পায়?
দিল্লির জামিয়া মিলিয়া কাণ্ডে পাকিস্তানের নাক গলানোকে বালুচ নেতারা স্রেফ নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা হিসেবেই দেখছেন।