× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের হুমকি

হরমুজে টোল দিলে নিষেধাজ্ঞা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৬ ১১:০৫ এএম

মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানকে কোনো ধরনের টোল বা অর্থ প্রদান না করতে জাহাজ মালিকদের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানকে কোনো ধরনের টোল বা অর্থ প্রদান না করতে জাহাজ মালিকদের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানকে কোনো ধরনের টোল বা অর্থ প্রদান না করতে জাহাজ মালিকদের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ইরানকে টোল প্রদান করলে তা সরাসরি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো জাহাজ বা নৌযান যদি হরমুজ প্রণালি অতিক্রমের জন্য ইরানকে অর্থ প্রদান করে তা প্রচলিত মুদ্রা, ক্রিপ্টোকারেন্সি, অনানুষ্ঠানিক আর্থিক লেনদেন কিংবা মানবিক সহায়তার আড়ালে ‘দান’ হিসেবে দেওয়া হোক না কেনÑ সব ক্ষেত্রেই তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিতে অনুদান হিসেবে অর্থ প্রদানকেও নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল হিসেবে দেখা হবে বলে সতর্ক করা হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ চলাচল করে। ফলে এই পথ ঘিরে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইরান এই প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর টোল আরোপের প্রস্তাব দেয় বলে জানা গেছে।

ওএফএসি জানিয়েছে, জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে ইরান অর্থ দাবি করছেÑ এমন তথ্য তাদের কাছে রয়েছে। যদিও বার্তা সংস্থা রয়টার্সকে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট দেশ বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেনি, তবুও এর আগে একটি জাহাজ হরমুজ পার হতে প্রায় ২০ লাখ ডলার পরিশোধ করেছেÑ এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এদিকে এই সতর্কবার্তা এমন সময়ে এলো, যখন ইরান পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি আলোচনার প্রস্তাব পাঠিয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব চলমান উত্তেজনা প্রশমনে সহায়ক হতে পারে, তবে একই সঙ্গে অর্থনৈতিক চাপ বজায় রাখতে যুক্তরাষ্ট্র তার অবস্থান আরও কঠোর করছে।

ওএফএসি আরও জানায়, ইরানের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত যেকোনো পক্ষ-সরাসরি বা পরোক্ষভাবে-নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান এবং তাদের সহযোগী সংস্থাগুলোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি পানামার পতাকাবাহী ‘নিউ ফিউশন’ নামের একটি তেলবাহী জাহাজকেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, “ইরানি শাসকগোষ্ঠীর অর্থ সংগ্রহ ও স্থানান্তরের সক্ষমতাকে আমরা লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখব। যারা তেহরানকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে এই নতুন অর্থনৈতিক ও কৌশলগত চাপ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলেও অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। ফলে পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা জরুরি বলে মনে করছেন তারা।

সব মিলিয়ে, হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি অবস্থান শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার ওপরও সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা