বিবিসি বাংলা
প্রকাশ : ০২ মে ২০২৬ ১১:০৪ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কার্যক্রম কার্যত শেষ হয়েছে।
এ কারণে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন নেওয়ার নির্ধারিত সময়সীমা তার জন্য প্রযোজ্য নয় বলে তিনি দাবি করেছেন।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, কোনো সামরিক পদক্ষেপ গ্রহণের পর ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হয়; অন্যথায় সংশ্লিষ্ট সামরিক কার্যক্রম বন্ধ করতে বাধ্য থাকতে হয়।
তবে কংগ্রেস নেতাদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, গত মাসে ইরান-এর সঙ্গে হওয়া যুদ্ধবিরতির কারণে এই আইনি বাধ্যবাধকতা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ইরানের ওপর হামলার বিষয়ে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানোর ৬০তম দিনে, শুক্রবার ট্রাম্প কংগ্রেস নেতাদের লিখেছেন:
"২০২৬ সালের ৭ই এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী ও ইরানের মধ্যে আর কোনো গুলি বিনিময় হয়নি। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যে শত্রুতামূলক কার্যক্রম শুরু হয়েছিল, তা এখন শেষ হয়েছে।"
তবে এখনও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি কোনো শান্তি চুক্তি হয়নি।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে দেওয়ার জন্য তেহরানের নতুন প্রস্তাব পাকিস্তানকে দেওয়া হয়েছে।
তবে সংবাদ সংস্থাটি প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করেনি।