যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আনাদলু
যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ কিউবা দখলে নেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফ্লোরিডায় শুক্রবার এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “কিউবা- যেটি আমরা খুব দ্রুতই দখলে নিতে যাচ্ছি।”
ট্রাম্প বলেন, দ্বীপ রাষ্ট্রটিকে আত্মসমর্পণে বাধ্য করতে উপকূলের কাছে একটি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী মোতায়েন করা হতে পারে।
তিনি আরও জানান, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযান শেষে ফেরার পথে এ পদক্ষেপ নেওয়া হতে পারে।
ট্রাম্প বলেন, “ইরান থেকে ফেরার পথে আমাদের বড় একটি জাহাজ- সম্ভবত ইউএসএস আব্রাহাম লিংকন, বিশ্বের সবচেয়ে বড়গুলোর একটি- সেটিকে আমরা সেখানে নিয়ে যাব, উপকূল থেকে প্রায় ১০০ গজ দূরে থামাব।”
তার দাবি, এই শক্তি প্রদর্শনই কিউবাকে আত্মসমর্পণে বাধ্য করবে। ট্রাম্প বলেন, “তারা বলবে, ‘ধন্যবাদ, আমরা হাল ছেড়ে দিচ্ছি’।”
তিনি আরও যোগ করেন, “আমি কাজ শেষ করতে পছন্দ করি।”
এদিন ট্রাম্প কিউবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির জন্য হুমকির কথা উল্লেখ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বারবার বলেন, ইরানে সামরিক অভিযানের পর পরবর্তী লক্ষ্য কিউবা এবং ক্যারিবীয় এই দ্বীপ রাষ্ট্রটি শিগগিরই ব্যর্থ হবে।
সূত্র: আনাদলু