প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ১১:৩৩ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬ ১১:৩৫ এএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ না করা পর্যন্ত নৌ অবরোধ অব্যাহত থাকবে। খবর আনাদলুর
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প অবরোধকে সামরিক হামলার চেয়ে বেশি কার্যকর হিসেবে দেখছেন। তিনি বলেন, “বোমা হামলার চেয়ে অবরোধ বেশি কার্যকর। এতে তারা চাপে রয়েছে, পরিস্থিতি আরও খারাপ হবে।”
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নিতে ইরান একটি সমঝোতার চেষ্টা করছে। তবে গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেওয়ার বিনিময়ে পারমাণবিক আলোচনা স্থগিত রাখার প্রস্তাব তিনি নাকচ করেছেন। তার ভাষায়, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই তার প্রধান লক্ষ্য।
তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় ইরানের অর্থনীতি ও অবকাঠামো মারাত্মক চাপে রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।
প্রতিবেদনে আরও বলা হয়, কূটনৈতিক অচলাবস্থা কাটাতে প্রয়োজনে “স্বল্প সময়ের কিন্তু শক্তিশালী” বিমান হামলার পরিকল্পনা প্রস্তুত রেখেছে সেন্টকম। তবে এখনো পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপের অনুমোদন দেননি ট্রাম্প।