প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ১৭:৪৮ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬ ১৭:৫৫ পিএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তির পর ওমান থেকে দেখা যাচ্ছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের দৃশ্য। এই চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল প্রণালীটি পুনরায় খুলে দেওয়া। ৮ এপ্রিল, ২০২৬। ছবি: আনাদোলু এজেন্সি
ইরানের জলসীমায় যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ ভেঙে গত ৭২ ঘণ্টার মধ্যে ৫২টি ইরানি জাহাজ গন্তব্যে পৌঁছেছে।
ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে মিডিল ইস্ট মিরর বুধবার এই তথ্য জানিয়েছে।
স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত গত তিন দিনে মোট ৫২টি জাহাজ এই অবরোধ অতিক্রম করে। এর মধ্যে ৩১টি তেলবাহী ট্যাঙ্কার এবং ২১টি পণ্যবাহী জাহাজ রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ২ মার্চ ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌ চলাচল বন্ধের ঘোষণা দেয়। এই সংঘাত চলাকালীন ইরান এবং তার প্রতিপক্ষ দেশগুলো একে অপরের ওপর পাল্টা হামলা চালায়। এর মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে হামলা এবং তেহরানের দাবি অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট স্থাপনায় হামলা অন্তর্ভুক্ত ছিল।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ১১ এপ্রিল ইসলামাবাদে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। গত ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। ইরান আলোচনার জন্য কোনো সুনির্দিষ্ট প্রস্তাব পেশ না করা পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।