প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১৬:৩৫ পিএম
সিডনির এরা বিচের দক্ষিণ প্রান্তে ভেসে আসা বিশালাকার তিমির মৃতদেহ; এতে ওই এলাকায় হাঙর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছবি: এবিসি/এসএলএসএনএসডব্লিউ
অস্ট্রেলিয়ার সিডনির রয়্যাল ন্যাশনাল পার্কের একটি পাথুরে সৈকতে বিশাল এক তিমির মৃতদেহ ভেসে আসায় ওই এলাকায় হাঙরের আনাগোনা মারাত্মকভাবে বেড়ে গেছে। নিরাপত্তার স্বার্থে পার্কের বেশ কিছু জনপ্রিয় সৈকত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এবিসি নিউজ এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানিয়েছে।
এর আগে, শনিবার ভোরে এরা বিচের দক্ষিণ প্রান্তে টহল দেওয়ার সময় লাইফসেভাররা প্রথম তিমির দেহটি দেখতে পান। এরপরই সতর্কতা হিসেবে গ্যারি, ওয়াটামোলা, এরা এবং বার্নিং পামস সৈকতগুলো বন্ধ ঘোষণা করা হয়।
পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওই এলাকায় নজরদারি ড্রোন এবং জেট স্কি মোতায়েন করা হয়েছে। সার্ফ লাইফ সেভিং এনএসডব্লিউয়ের সিইও স্টিফেন পিয়ার্স জানান, লাইফসেভাররা সৈকতের একদম কাছে এবং পাথুরে প্ল্যাটফর্মের চারপাশে প্রচুর হাঙর দেখতে পাচ্ছেন।
তিনি আরও বলেন, আমরা মানুষকে পানিতে নামতে জোর করে বাধা দিতে পারি না, তবে সেখানে ঠিক কত হাঙর রয়েছে এবং বড় আকারের ‘হোয়াইট শার্ক’ ও ‘বুল শার্ক’-এর উপস্থিতির খবর পাওয়ার পর, কেউ নিশ্চয়ই সেই পানিতে সাঁতার কাটতে চাইবেন না।
সৈকতে আসা পর্যটক ও স্থানীয়দের সার্ফিং, সাঁতার, ডাইভিং বা মাছ ধরা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভেসে আসা তিমিটি কোন প্রজাতির তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্টিফেন পিয়ার্স বলেন, “মনে হচ্ছে তিমিটি বেশ কিছুদিন আগে সমুদ্রে মারা গিয়েছিল এবং দেহটি পচতে শুরু করেছে”।
কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের সঙ্গে সমন্বয় করে সৈকতগুলো অন্তত ২৪ ঘণ্টা বন্ধ রাখা হতে পারে। তিমির মৃতদেহটি দ্রুত সরিয়ে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। সামনে দীর্ঘ ছুটি থাকায় এবং এই এলাকায় পর্যটকদের প্রচুর ভিড় হওয়ার সম্ভাবনা থাকায় দ্রুত এই সতর্কবার্তা জারি করা হয়েছে বলে জানান পিয়ার্স।