প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ১৮:০৩ পিএম
দক্ষিণ লেবাননের খিয়াম গ্রামে শনিবার ধ্বংসযজ্ঞের একটি দৃশ্য। ছবি: আল-আরাবিয়া/এএফপি
লেবানন ও হিজবুল্লাহর মধ্যে ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষে বর্তমানে যুদ্ধবিরতি চললেও, তা উপেক্ষা করে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-আরাবিয়া এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ছয়জন নাগরিক নিহত হয়েছেন। সেই সঙ্গে আরও দুজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ওয়াদি আল-হুজাইরে দুইজন, তুলিনে দুইজন এবং স্রিফা ও ইয়াতারে একজন করে রয়েছেন।
এদিকে, লেবাননে নিয়োজিত জাতিসংঘের শান্তি রক্ষা মিশন শুক্রবার জানিয়েছে, গত ২৯ মার্চ তাদের ঘাঁটিতে হওয়া হামলায় গুরুতর আহত এক ইন্দোনেশীয় শান্তিরক্ষী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জাতিসংঘের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ইসরায়েলি ট্যাঙ্কের গোলার আঘাতে ওই সেনার মৃত্যু হয়েছে।
এর আগে, শুক্রবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল যে, তারা দক্ষিণ লেবাননের বিনত জবেইল শহরে ছয়জনকে হত্যা করেছে।
শহরটি ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াইয়ের কেন্দ্রবিন্দু ছিল। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহত ওই ছয়জনই ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধা।
তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত মৃত বেসামরিক নাগরিক এবং ইসরায়েলের দাবি করা হিজবুল্লাহ যোদ্ধারা একই ব্যক্তি কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৪৯১ জন প্রাণ হারিয়েছেন।