× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পারমাণবিক অস্ত্রের দ্বারপ্রান্তে ইরান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ১১:০৭ এএম

পারমাণবিক অস্ত্র বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রার সমৃদ্ধ ইউ আগে থেকে ৬০ শতাংশ প্রস্তুত থাকায় আমার মাত্র চার বা পাঁচ সপ্তাহ সময় লাগবে। ছবি: এপি

পারমাণবিক অস্ত্র বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রার সমৃদ্ধ ইউ আগে থেকে ৬০ শতাংশ প্রস্তুত থাকায় আমার মাত্র চার বা পাঁচ সপ্তাহ সময় লাগবে। ছবি: এপি

দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হলেও স্থায়ী সমাধান এখনও অনিশ্চিত। গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর, প্রেসিডেন্ট ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য এই মেয়াদ বাড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রধান দাবিগুলোর একটি হলোÑ ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। সমরবিদরা বলছেন, ইরান এখন এমন এক অবস্থানে রয়েছে; যেখান থেকে অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব হতে পারে।

পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। 

অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই বেসামরিক কাজে ব্যবহার হয়, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য। আর বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়ামকে ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করলেই চলে। 

ইউরেনিয়াম হলো একটি ভারী ধাতু, যা পারমাণবিক চুল্লির জ্বালানি হিসেবে ব্যবহার হয়। প্রাকৃতিক ইউরেনিয়ামের তিনটি ধরন বা আইসোটোপ রয়েছে। প্রকৃতিতে পাওয়া তিনটি আইসোটোপের মধ্যে ‘ইউরেনিয়াম-২৩৮’ রয়েছে প্রায় ৯৯ দশমিক ৩ শতাংশ, এটি সবচেয়ে ভারী এবং কম তেজস্ক্রিয়। অন্যদিকে ‘ইউ-২৩৫’ রয়েছে মাত্র শূন্য দশমিক ৭ শতাংশ এবং প্রাকৃতিক ইউরেনিয়ামে শূন্য দশমিক ০০৫ শতাংশ ‘ইউ-২৩৪’ আইসোটোপও রয়েছে।

শক্তি উৎপাদনের জন্য ভারী ইউ-২৩৮ থেকে অপেক্ষাকৃত হালকা ও বেশি তেজস্ক্রিয় ইউ-২৩৫-কে আলাদা করার প্রক্রিয়াই হলো ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ’ বা এনরিচমেন্ট।

ইউ-২৩৫ এর হার যত বেশি হবে, ইউরেনিয়াম তত বেশি সমৃদ্ধ হিসেবে ধরা হয়। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩ থেকে ৫ শতাংশ সমৃদ্ধকরণই যথেষ্ট। কিন্তু পারমাণবিক অস্ত্রের জন্য এটি প্রায় ৯০ শতাংশ হওয়া প্রয়োজন।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ২০ শতাংশের নিচে সমৃদ্ধ ইউরেনিয়ামকে ‘লো-এনরিচড ইউরেনিয়াম’ এবং ২০ শতাংশের বেশি হলে তাকে ‘হাইলি-এনরিচড ইউরেনিয়াম’ হিসেবে বিবেচনা করে। ৯০ শতাংশ বা তার বেশি হলে পারমাণবিক অস্ত্র তৈরির সীমায় পৌঁছে।

ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রক্রিয়াটি একদম সোজাসাপটা নয়। প্রাকৃতিক ইউরেনিয়ামকে ২০ শতাংশ ইউরেনিয়াম ২৩৫-এ নিয়ে যাওয়া যতটা কঠিন, ২০ শতাংশ থেকে ৯০ শতাংশে নিয়ে যাওয়া তার চেয়ে অনেক সহজ। ইউরেনিয়াম-২৩৫ একবার ৬০ শতাংশে পৌঁছলে, সেখান থেকে ৯০ শতাংশে (অস্ত্র তৈরির মাত্রা) উন্নীত করা খুব দ্রুত সম্ভব হয়।

আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি (৯৭০ পাউন্ড) সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এটিকে ৯০ শতাংশে উন্নীত করা হলে তাত্ত্বিকভাবে তা দিয়ে ১০ বা ১১টি সাধারণ পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক নিরাপত্তার ইমেরিটাস অধ্যাপক টেড পস্তল আল জাজিরাকে জানান, ‘প্রাকৃতিক ইউরেনিয়াম থেকে ৬০ শতাংশে পৌঁছতে ইরানের ক্যাসকেডগুলো ব্যবহার করে প্রায় ৫ হাজার এসডব্লিউইউ (ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি পরিমাপ একক) এবং প্রায় পাঁচ বছর সময় লাগে। কিন্তু আমি যদি ৬০ থেকে ৯০ শতাংশে যেতে চাই, তবে আমার মাত্র ৫০০ এসডব্লিউইউ দরকার। অর্থাৎ পাঁচ বছরের বদলে, আগে থেকে ৬০ শতাংশ প্রস্তুত থাকায় আমার মাত্র চার বা পাঁচ সপ্তাহ সময় লাগবে।

অধ্যাপক পস্তল জানান, অধ্যাপক পস্তল বলেন, “ইরান এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যে, কেউ যদি তাদের ওপর পারমাণবিক হামলার কথা ভাবে, তবে তাদের মাথায় রাখতে হবে হামলার পরও ইরানিরা ওই সুড়ঙ্গের ভেতরে বসে পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত ধাপ সম্পন্ন করতে পারে এবং সেই বোমা নিক্ষেপের সক্ষমতাও তাদের আছে। এ ছাড়া ইউরেনিয়াম বোমা ব্যবহারের আগে কোনো পরীক্ষারও প্রয়োজন হয় না।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা