প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ২০:১৮ পিএম
প্রচণ্ড বাতাস এবং ঘরগুলোর পাশাপাশি অবস্থানের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ছবি: ইউএনবি/এপি/সান্দাকানের দমকল ও জরুরি উদ্ধার বিভাগ
মালয়েশিয়ার সাবাহ রাজ্যে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১ হাজার ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে। এতে উপকূলীয় অঞ্চলের প্রায় ৯ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় রবিবার ভোরে বোর্নিও দ্বীপের সান্দাকান জেলার একটি ‘ওয়াটার ভিলেজ’ বা জলবসতিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
দেশটির দমকল ও জরুরি উদ্ধার বিভাগ জানিয়েছে, কাঠের তৈরি ঘরগুলো খুব কাছাকাছি হওয়ায় এবং বাতাসের তীব্রতা বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া যাতায়াত ব্যবস্থা দুর্গম হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ঘরবাড়ি হারিয়ে কয়েক হাজার বাসিন্দা বর্তমানে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
সাবাহর উপকূলজুড়ে সমুদ্রের ওপর খুঁটি গেড়ে নির্মিত এসব অনানুষ্ঠানিক বসতি ‘ওয়াটার ভিলেজ’ নামে পরিচিত। এখানকার অধিকাংশ ঘরই কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থ দিয়ে তৈরি। গ্রামগুলোতে মূলত নিম্নআয়ের মানুষ, আদিবাসী গোষ্ঠী এবং নাগরিকত্বহীন প্রান্তিক জনগোষ্ঠী বসবাস করে। প্রয়োজনীয় অবকাঠামো ও পরিকল্পিত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় এসব এলাকা সবসময়ই অগ্নিকাণ্ডের ঝুঁকিতে থাকে।
গ্রামের প্রধান শরিফ হাশিম শরিফ ইতিং স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসকে জানান, ধারণা করা হচ্ছে রান্নার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মালেশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলো ত্রাণ বিতরণ করছে এবং তাৎক্ষণিক নানা সহায়তার ব্যবস্থা করেছে।
গত কয়েক বছরে সাবাহর ‘ওয়াটার ভিলেজ’গুলোতে বারবার অগ্নিকাণ্ড ঘটেছে। কর্তৃপক্ষ অনেক আগেই স্বীকার করেছে যে এসব বসতি আগুন ছড়িয়ে পড়ার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এখনও একটি প্রতিবন্ধকতা হিসেবেই রয়ে গেছে।