× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

ইউএনবি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ১৭:০৫ পিএম

টাইটানিক থেকে প্রাণে বেঁচে ফেরা এক যাত্রীর ব্যবহৃত লাইফ জ্যাকেট। ছবি: ইউএনবি/এপি

টাইটানিক থেকে প্রাণে বেঁচে ফেরা এক যাত্রীর ব্যবহৃত লাইফ জ্যাকেট। ছবি: ইউএনবি/এপি

আটলান্টিক মহাসাগরের তলদেশে হারিয়ে যাওয়া ইতিহাসের অন্যতম আলোচিত জাহাজ ‘আরএমএস টাইটানিক’ নিয়ে বিশ্বজুড়ে মানুষের কৌতূহল চিরন্তন। সেই কৌতূহলের প্রমাণ মিললো আবারও। জাহাজটি ডুবতে শুরু করলে লাইফবোটের সাহায্যে প্রাণ বাঁচিয়ে ফেরা এক যাত্রীর ব্যবহৃত লাইফ জ্যাকেট নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে।

ইংল্যান্ডের ডেভাইজেসে শনিবার আয়োজিত এক নিলামে জ্যাকেটটি ৬ লাখ ৭০ হাজার পাউন্ডে (প্রায় ১০ কোটি ৪৪ লাখ টাকা) বিক্রি হয়।

এই ঐতিহাসিক লাইফ জ্যাকেটটি ছিল টাইটানিকের প্রথম শ্রেণির যাত্রী লরা মেবেল ফ্রাঙ্কাতেলির। বিশেষত্ব হলো, জ্যাকেটটিতে লরা এবং একই লাইফবোটে থাকা অন্য বেঁচে যাওয়া যাত্রীদের স্বাক্ষর রয়েছে।

পশ্চিম ইংল্যান্ডের নিলামকারী প্রতিষ্ঠান ‘হেনরি অলড্রিজ অ্যান্ড সন’-এর এই আয়োজনে জ্যাকেটটিই ছিল মূল আকর্ষণ। নিলামের আগে এর সম্ভাব্য দাম আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ পাউন্ডের মধ্যে ধরা হলেও শেষ পর্যন্ত এক অজ্ঞাতপরিচয় টেলিফোন ক্রেতা ধারণার চেয়েও দ্বিগুণ দামে এটি কিনে নেন।

একই নিলামে টাইটানিকের একটি লাইফবোটের বসার গদি দ(সিট কুশন) ৩ লাখ ৯০ হাজার পাউন্ডে (প্রায় ৫ লাখ ২৭ হাজার ডলার) বিক্রি হয়েছে। এটি কিনেছেন যুক্তরাষ্ট্রের টেনেসির পিজন ফোর্জ এবং মিসৌরির ব্র্যানসনে অবস্থিত দুটি টাইটানিক জাদুঘরের মালিক। উল্লিখিত দামে নিলামকারী প্রতিষ্ঠানের ফি বা ‘বায়ার্স প্রিমিয়াম’ও অন্তর্ভুক্ত রয়েছে।

নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, “রেকর্ড সৃষ্টিকারী এই দামগুলো প্রমাণ করে যে টাইটানিকের গল্পের প্রতি মানুষের আগ্রহ আজও কতটা প্রবল। একইসঙ্গে সেইসব যাত্রী ও ক্রুদের প্রতি এটি এক গভীর সম্মান প্রদর্শন যাদের জীবনকাহিনি এই স্মারকগুলোর মাধ্যমে অমর হয়ে আছে”।

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং কার্যত ‘ডোবার অযোগ্য’ হিসেবে প্রচারিত টাইটানিক জাহাজটি ১৯১২ সালের ১৫ এপ্রিল ইংল্যান্ড থেকে নিউইয়র্ক যাওয়ার প্রথম যাত্রায় নিউফাউন্ডল্যান্ড উপকূলে একটি বিরাট বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খায়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এটি সমুদ্রের তলদেশে হারিয়ে যায়। জাহাজের ২ হাজার ২০০ যাত্রী ও ক্রুর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ জন ওই দুর্ঘটনায় প্রাণ হারান।

টাইটানিক নিয়ে বিশ্বজুড়ে এখনও মানুষের মাঝে এক ধরনের মোহ কাজ করে। আংশিকভাবে এর কারণ ছিল জাহাজে থাকা দরিদ্র থেকে শুরু করে প্রচণ্ড প্রভাবশালী—সব স্তরের মানুষের সরব উপস্থিতি।

লরা ফ্রাঙ্কাতেলি সেই জাহাজে তার নিয়োগকর্তা তথা ফ্যাশন ডিজাইনার লুসি ডাফ গর্ডন এবং লুসির স্বামী কসমো ডাফ গর্ডনের সঙ্গে ভ্রমণ করছিলেন। তারা তিনজনই টাইটানিকের ১ নম্বর লাইফবোটে চড়ে বেঁচে ফিরতে সক্ষম হন। ৪০ জন যাত্রী ধারণক্ষমতা থাকা সত্ত্বেও ওই লাইফবোটটি মাত্র ১২ জন নিয়ে পানিতে নামানো হয়েছিল। তখন সমুদ্রের বরফশীতল পানি থেকে অন্য ডুবন্ত মানুষকে উদ্ধার না করায় পরবর্তীতে এ ঘটনাটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।

টাইটানিকের স্মারক হিসেবে নিলামে সর্বোচ্চ দামে বিক্রির বিশ্বরেকর্ডটি বর্তমানে ১৫ লাখ ৬০ হাজার পাউন্ডের (তৎকালীন হিসেবে প্রায় ২০ লাখ ডলার)। ২০২৪ সালে আরএমএস কার্পেথিয়া জাহাজের ক্যাপ্টেনের একটি সোনার পকেট ঘড়ি এই দামে বিক্রি হয়েছিল। কার্পেথিয়া ছিল সেই উদ্ধারকারী জাহাজ, যেটি টাইটানিকের ৭০০ জন জীবিত যাত্রীকে উদ্ধার করেছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা