প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ ১২:৩৭ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬ ১৮:০৪ পিএম
বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথিরা। ছবি: গুগল ম্যাপ থেকে নেওয়া
হরমুজ প্রণালি বন্ধ থাকার মাঝেই এবার বিশ্ব বাণিজ্যের আরেক গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুথি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি বলেছেন, “যদি ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা দিতে থাকেন, তবে ইয়েমেন উপকূলবর্তী বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে।”
তিনি বলেন, “সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে মানবজাতি ও জিন- কেউই তা পুনরায় খুলতে সক্ষম হবে না।”
তিনি আরও বলেন, “তাই ট্রাম্প এবং তার সঙ্গে জড়িত বিশ্ব শক্তিগুলোর উচিত অবিলম্বে শান্তির পথে বাধা সৃষ্টিকারী সব নীতি ও কর্মকাণ্ড বন্ধ করা এবং আমাদের জনগণ ও দেশের অধিকারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা।”
বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এটি বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ নৌপথ।
এখান দিয়ে জাহাজ চলাচল করে সুয়েজ খালের দিকে যায়। প্রণালিটির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২৯ কিলোমিটার (১৮ মাইল), ফলে এখানে জাহাজ চলাচল মূলত দুটি চ্যানেলে সীমাবদ্ধ- একটি প্রবেশের জন্য, অন্যটি বহির্গমনের জন্য।
বিশ্বব্যাপী সমুদ্রপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল থেকে ভূমধ্যসাগরে অপরিশোধিত তেল ও জ্বালানি এবং এশিয়াগামী বিভিন্ন পণ্য ( যার মধ্যে রাশিয়ার তেলও রয়েছে) এই পথ দিয়েই পরিবাহিত হয়।