প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ১৯:৪৭ পিএম
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ইরান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে কড়া সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বার্সেলোনায় প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে লুলা বলেন, “আমরা এমন এক বাস্তবতায় থাকতে পারি না যেখানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর সময় কোনো একজন প্রেসিডেন্টের টুইট দেখতে হয়, যিনি বিশ্বকে হুমকি দিচ্ছেন এবং যুদ্ধ ঘোষণা করছেন”।
ডোনাল্ড ট্রাম্প প্রায়ই সামাজিক মাধ্যমে ইরানকে লক্ষ্য করে হুমকিমূলক বার্তা দিয়ে থাকেন। লুলা তার বক্তব্যে সরাসরি নাম উল্লেখ না করলেও ট্রাম্পের এই যুদ্ধংদেহি আচরণের দিকেই ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ব্রাজিল প্রেসিডেন্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের কড়া সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত থামাতে তারা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা কাটিয়ে উঠতে তিনি দেশগুলোকে তাদের বর্তমান কর্মপন্থা পরিবর্তনের আহ্বান জানান।
লুলা আরও বলেন, “আমরা প্রতিদিন এমন একজন প্রেসিডেন্টের হুমকির মুখে থাকতে পারি না যিনি বিশ্বকে অস্থির করে তুলছেন”। মূলত বৈশ্বিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার স্বার্থেই তিনি বিশ্ব নেতাদের দায়িত্বশীল আচরণের তাগিদ দেন।