প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ১৯:১৩ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬ ১৯:১৮ পিএম
দক্ষিণ লেবাননের ক্লায়ায় একজন লেবাননি সেনাসদস্যের পাশ দিয়ে চলে যাচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের একটি গাড়ি। ছবি: আল জাজিরা/রয়টার্স/ করমুল্লাহ দাহের
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে একজন ফরাসি সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
আলজাজিরা শনিবার এ তথ্য জানিয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, এই হামলা হিজবুল্লাহ চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে ম্যাক্রন বলেন, “সব তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে যে, এই হামলার জন্য হিজবুল্লাহ দায়ী।” তিনি এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য লেবানন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ফরাসি কন্টিনজেন্টের সদস্যদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক পোস্টে তিনি জানান, এই ঘটনার তাৎক্ষণিক তদন্তের জন্য তিনি নির্দেশ দিয়েছেন।