নৌ অবরোধ
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, ইরানের বন্দর আব্বাস ছাড়ার পর একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ অবরোধ এড়ানোর চেষ্টা করলে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স সফলভাবে জাহাজটির গতিপথ পরিবর্তন করে দেয়। ছবি: সেন্টকম
ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধের জেরে এখন পর্যন্ত ১০টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, সোমবার থেকে হরমুজ প্রণালিতে এই অবরোধ কার্যকর হওয়ার পর থেকে কোনও জাহাজই তা ভেদ করে যেতে পারেনি।
তাদের মতে, ইরানের উপকূলের দিকে যাওয়া বা সেখান থেকে আসা যেকোনো জাহাজকে আটকানো বা ফিরিয়ে দেওয়া হবে। তবে অন্য দেশ থেকে আসা বা অন্য গন্তব্যে যাওয়া জাহাজগুলোকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
গত রাতে দেওয়া এক হালনাগাদ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, “এখন পর্যন্ত ১০টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সোমবার থেকে শুরু হওয়া এই অবরোধ ভেঙে কোনও জাহাজই পার হতে পারেনি।”
ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চাপ সৃষ্টি করতে এই পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার লক্ষ্য হলো, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ইরান যে টোল আদায় করছিল তা বন্ধ করা এবং দেশটির তেল রপ্তানি কমিয়ে দেওয়া।
অন্যদিকে, ইরান এই অবরোধকে ‘দস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছে এবং পারস্য উপসাগর, ওমান উপসাগর ও লোহিত সাগরে জাহাজ চলাচলে হামলা চালিয়ে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।
সূত্র: বিবিসি