প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ২১:২০ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬ ২১:৩৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: টাইম ম্যাগাজিন
বিশ্বখ্যাত সাময়িকী টাইমের ২০২৬ সালের বিশ্বের ১০০ শীর্ষ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। এতে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
এক প্রতিবেদনে বুধবার টাইম ম্যাগাজিন তারেক রহমানের রাজনৈতিক উত্থান ও বর্তমান নেতৃত্বের চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে।
টাইমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাত্র কয়েক মাস আগেও লন্ডনে নির্বাসিত জীবন কাটানো তারেক রহমান ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর নাটকীয়ভাবে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে গত ফেব্রুয়ারিতে এক অভাবনীয় নির্বাচনি জয়ের মাধ্যমে তিনি বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, তারেক রহমানের এ জয় ব্যক্তিগত শোকের আবহে এসেছে। তার ঢাকা ফেরার মাত্র পাঁচ দিন পর মা খালেদা জিয়ার (বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী) মৃত্যু।
টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান জানান, শোকাতুর অবস্থাতেও তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের সংকটে থাকা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আঞ্চলিক রাজনীতির বিষয়ে ম্যাগাজিনটি উল্লেখ করেছে, ভারতের সঙ্গে বর্তমান শীতল সম্পর্ক উন্নয়ন এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংস্কারই হবে তার প্রধান চ্যালেঞ্জ। যদিও অতীতের দুর্নীতি সংক্রান্ত আইনি জটিলতাগুলো আদালতের মাধ্যমে মীমাংসা হয়েছে, তবুও তার রাজনৈতিক পথচলা হবে অনেক বেশি সতর্ক।
নিজের লক্ষ্য সম্পর্কে তারেক রহমান টাইমকে বলেন, “আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে, যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়”।