× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থাই নববর্ষের চার দিনে সড়কে নিহত ১৫৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ১৮:০৮ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬ ১৮:১১ পিএম

ব্যাংককের সিলোম রোডে সোমবার থাই নাগরিক ও বিদেশি পর্যটকরা জলকেলিতে মেতে উঠেছেন। সংক্রান উৎসব উদযাপনের জন্য ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তিন দিন এই রাস্তাটি বন্ধ রাখা হয়েছে। ছবি: ব্যাংকক পোস্ট/ ভারুথ হিরুনিয়াথেব

ব্যাংককের সিলোম রোডে সোমবার থাই নাগরিক ও বিদেশি পর্যটকরা জলকেলিতে মেতে উঠেছেন। সংক্রান উৎসব উদযাপনের জন্য ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তিন দিন এই রাস্তাটি বন্ধ রাখা হয়েছে। ছবি: ব্যাংকক পোস্ট/ ভারুথ হিরুনিয়াথেব

থাইল্যান্ডের ঐতিহ্যবাহী নববর্ষ বা ‘সংক্রান’ উৎসবের ছুটির প্রথম চার দিনে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭০৫ জন। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, থাই সরকারের ঘোষিত ‘সাতটি বিপজ্জনক দিন’-এর (১০-১৬ এপ্রিল) প্রথম চার দিনে এই হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে রাজধানী ব্যাংককে নিহতের সংখ্যা সবচেয়ে বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর সড়ক দুর্ঘটনার সংখ্যা প্রায় ২৫ শতাংশ হ্রাস পেয়েছে। গত বছর একই সময়ে ১ হাজার দুইটি দুর্ঘটনায় ১৪৪ জন নিহত হয়েছিলেন। তবে দুর্ঘটনার সংখ্যা কমলেও এ বছর প্রাণহানির সংখ্যা কিছুটা বেড়েছে।

রোড সেফটি সেন্টারের (আরএসসি) প্রধান ইয়োসাপোল ওয়েনুকোসেট জানান, গত সোমবার একদিনেই ২৩৭টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার কারণ ও ধরন

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অতিরিক্ত গতি (৪১.৮ শতাংশ) এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (২৭.৪ শতাংশ)। দুর্ঘটনার কবলে পড়া যানবাহনের মধ্যে ৭০.৯ শতাংশই ছিল মোটরসাইকেল।

অধিকাংশ দুর্ঘটনা (৭৫.৫ শতাংশ) ঘটেছে সোজা রাস্তায়। এর মধ্যে ৩৬.৩ শতাংশ দুর্ঘটনা ঘটেছে গ্রাম বা স্থানীয় সড়কগুলোতে। দিনের হিসেবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সবচেয়ে বেশি (২০.২৫ শতাংশ) দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে। হতাহতদের মধ্যে ২০ থেকে ৩৯ বছর বয়সিদের সংখ্যা সবচেয়ে বেশি।

ল্যাম্পাং প্রদেশে সর্বোচ্চ ৩৩টি দুর্ঘটনা এবং ৩৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে, ব্যাংককে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ৮ জন। তবে আশার কথা হলো, দেশটির ২২টি প্রদেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন অধিদপ্তরের মহাপরিচালক থিরাপত খতচমার্ট জানিয়েছেন, মঙ্গলবারও রাস্তায় যানবাহনের প্রচণ্ড চাপ ছিল। অনেকেই উৎসব পালন করতে গ্রামের বাড়িতে গেছেন, আবার যানজট এড়াতে কেউ কেউ আগেভাগেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে থাই কর্তৃপক্ষ ‘নিরাপদে গাড়ি চালান, গতি কমান, দুর্ঘটনা প্রতিরোধ করুন’ স্লোগানে বিশেষ অভিযান চালাচ্ছে। মহাসড়কগুলোতে তন্দ্রাচ্ছন্ন চালকদের কারণে হওয়া দুর্ঘটনা এবং পেছন থেকে ধাক্কা দেওয়ার ঘটনা রোধে বিভিন্ন পয়েন্টে তল্লাশি ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা