যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা
আল জাজিরা
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ১৬:৩৮ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬ ১৬:৪২ পিএম
পাকিস্তানের পররাষ্ট্রনীতি বিষয়ক থিঙ্ক-ট্যাংক ‘সানওবার ইনস্টিটিউট’-এর নির্বাহী পরিচালক কামার চিমা। ছবি: ফেসবুক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক আলোচনা কাঙ্ক্ষিত ফলাফল না আনলেও পাকিস্তান এখনই হাল ছাড়ছে না। পাকিস্তানের পররাষ্ট্রনীতি বিষয়ক থিঙ্ক-ট্যাংক ‘সানওবার ইনস্টিটিউট’-এর নির্বাহী পরিচালক কামার চিমা আল জাজিরাকে দেওয়া এক বিশ্লেষণে এই মন্তব্য করেছেন।
কামার চিমা রবিবার আল জাজিরা জানান, গত এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনীতিতে এটি ছিল অন্যতম এক ‘গুরুতর প্রচেষ্টা’। ইরানকে একটি ‘চূড়ান্ত প্রস্তাব’ দেওয়া হয়েছে। তবে এই প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নিতে তেহরানের শীর্ষ নেতৃত্বের মতামতের প্রয়োজন।
সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হওয়ার পর বর্তমানে নেতৃত্বের অনেক জায়গাতেই নতুন মুখ এসেছেন। ফলে এই প্রস্তাবের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কিছুটা সময় লাগছে।
এই আলোচনায় পাকিস্তানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন চিমা। তিনি বলেন, “পাকিস্তানের মূল লক্ষ্য ছিল দুই পক্ষকে আলোচনার টেবিলে আনা, তাদের মধ্যকার আস্থার সংকট দূর করা এবং বন্ধুত্বের সেতু তৈরি করা। পাকিস্তান সেই দায়িত্ব সফলভাবে পালন করেছে।”
এই মধ্যস্থতার ফলে পাকিস্তান বৈশ্বিক স্বীকৃতি পাচ্ছে এবং দুই পক্ষই ইসলামাবাদের প্রচেষ্টার প্রশংসা করেছে।
চিমার মতে, এই আলোচনার সবচেয়ে বড় অর্জন হলো ‘যুদ্ধবিরতি’। তিনি বিশ্বাস করেন, এটি একটি চলমান প্রক্রিয়া। পাকিস্তান বর্তমানে ইরানের উত্তরের অপেক্ষায় আছে এবং আশা করছে আগামী দিনগুলোতে ইরান ইতিবাচক কোনো সাড়া নিয়ে ফিরে আসবে।
কামার চিমা স্পষ্ট করে বলেন, যদিও ফলাফল নিয়ে কিছুটা হতাশা রয়েছে, কিন্তু পাকিস্তান হাল ছাড়বে না। শান্তি স্থাপনের এই প্রক্রিয়া অব্যাহত রাখতে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ।