বিবিসি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ১৬:৪৬ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬ ১৭:২৩ পিএম
লেবাননের রাজধানী বৈরুতের আইন আল মরাইসেহ এলাকায় গত বুধবার চালানো ইসরায়েলি হামলার পর দুর্ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা। ৯ এপ্রিল, ২০২৬। ছবি: রয়টার্স/মোহাম্মদ আজাকির
ইসরায়েলের সঙ্গে সরাসরি সংলাপে বসার ঘোষণা দিয়েছে লেবানন। তবে এই আলোচনার জন্য পূর্বশর্ত হিসেবে একটি কার্যকর ‘যুদ্ধবিরতি’ দাবি করেছে দেশটি।
লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যদি এবং কেবল যদি যুদ্ধবিরতি কার্যকর থাকে, তবেই লেবানন আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবে। তবে সম্ভাব্য এই বৈঠকের দিন ও সময় এখনো চূড়ান্ত করা হয়নি।
মধ্যপ্রাচ্যের এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি আলোচনার এমন উদ্যোগ বেশ বিরল ও তাৎপর্যপূর্ণ। দীর্ঘকাল ধরে দেশ দুটির মধ্যে সরাসরি কোনো কূটনৈতিক যোগাযোগ নেই। সাধারণত তারা যুক্তরাষ্ট্রের মতো তৃতীয় পক্ষের মধ্যস্থতায় পরোক্ষভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে থাকে।
২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই দুই দেশের মধ্যে আলোচনার পরিবেশ তৈরির প্রচেষ্টা চলছে। এতদিন মার্কিন দূতেরা দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যস্থতা করে আসছিলেন। এবার সেই পরোক্ষ প্রক্রিয়া থেকে বেরিয়ে সরাসরি আলোচনার সম্ভাবনা তৈরি হলো, যা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।