আলজাজিরা
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ২১:৫৭ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬ ২২:০৬ পিএম
ইসরায়েলের তেল আবিব জেলা আদালতে দুর্নীতির মামলার শুনানিতে উপস্থিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১২ মার্চ ২০২৫। ছবি: রয়টার্স/ফাইল ফটো
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের দুর্নীতির মামলার বিচার আগামী রবিবার থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধের উত্তেজনার প্রেক্ষাপটে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের কয়েক ঘণ্টা পরই আদালতের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
ইসরায়েলি আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় শুনানিগুলো যথারীতি শুরু হবে।
বিবৃতিতে আরও জানানো হয় যে, প্রতি সপ্তাহের রবিবার থেকে বুধবার পর্যন্ত এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে সরাসরি অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে। ২০১৯ সালে দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়, যা তিনি শুরু থেকেই অস্বীকার করে আসছেন।
২০২০ সালে শুরু হওয়া এই বিচারে তার কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাষ্ট্রীয় বিভিন্ন ব্যস্ততার কারণে এর আগে কয়েক দফায় এই বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে এবং এটি কবে শেষ হবে সে সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তারিখ জানা যায়নি।