পাকিস্তানের মধ্যস্থতায় ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।সংগৃহীত
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রস্তাবিত এই যুদ্ধবিরতি দুই সপ্তাহের জন্য কার্যকর হবে এবং তা ইতোমধ্যেই কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট পক্ষগুলো জানিয়েছে। তবে ইসরাইল বলেছে, লেবানন এ যুদ্ধবিরতির আওতার বাইরে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সামরিক হামলার সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে পাকিস্তানের উদ্যোগে এই সমঝোতা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যস্থতায় চূড়ান্ত মুহূর্তে আলোচনায় অগ্রগতি আসে।
চুক্তির অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান স্থগিত রাখবে।
তবে এই যুদ্ধবিরতি শর্তসাপেক্ষ এবং সাময়িক। ইরান স্পষ্ট করেছে, এটি চূড়ান্ত শান্তিচুক্তি নয়; বরং দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে আলোচনার সুযোগ তৈরির জন্য একটি বিরতি মাত্র।
এদিকে, দুই পক্ষের মধ্যে পরবর্তী শান্তি আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রশমনে গুরুত্বপূর্ণ হলেও পরিস্থিতি এখনও নাজুক, এবং যেকোনো সময় উত্তেজনা আবারও বাড়তে পারে।