প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ১০:৪৪ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬ ১০:৫২ এএম
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মহাসচিবের মুখপাত্রের দেওয়া এক বিবৃতির বরাতে বিবিসি বুধবার এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গুতেরেস মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের সঙ্গে জড়িত সব পক্ষকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলার এবং যুদ্ধবিরতির শর্তগুলো পালন করার আহ্বান জানিয়েছেন।
তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ ওই অঞ্চলে একটি স্থায়ী ও সুদূরপ্রসারী শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে।
এছাড়া এই যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে পাকিস্তানসহ অন্যান্য যেসব দেশ মধ্যস্থতা ও সহযোগিতা করেছে, তাদের প্রচেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও উচ্চ প্রশংসা ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব।