× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চন্দ্রগামী নভোচারীদের চোখে পৃথিবী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ০৮:৫৮ এএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬ ০৯:০২ এএম

চন্দ্র অভিমুখে ছুটে চলা নভোযান থেকে ক্যামেরায় ধারণ করা পৃথিবীর খণ্ডিত চিত্র। ছবি: এএফপি

চন্দ্র অভিমুখে ছুটে চলা নভোযান থেকে ক্যামেরায় ধারণ করা পৃথিবীর খণ্ডিত চিত্র। ছবি: এএফপি

আর্টেমিস-২-এর নভোচারীরা চাঁদের দিকে এগিয়ে যাচ্ছেন আর আমাদের নীল গ্রহের অসাধারণ সৌন্দর্য ক্যামেরাবন্দি করছেন। অর্ধশতাব্দীরও বেশি সময়ের মধ্যে নভোচারীদের প্রথম চন্দ্রাভিযানের দেড় দিন পর গত শুক্রবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ক্রুদের পাঠানো প্রথম ছবিগুলো প্রকাশ করেছে।

এই মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যানের তোলা প্রথম ছবিতে বাঁকানো পৃথিবীর নরম নীল দিগন্ত দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিতে পুরো পৃথিবী দেখা যাচ্ছে এবং মহাসাগরগুলোর ওপর মেঘের সাদা ঘূর্ণায়মান রেখা দৃশ্যমান। নাসার মতে, একটি সবুজ অরোরাও (আকাশে দেখা এক ধরনের প্রাকৃতিক আলোর খেলা বা ঝলকানি) জ্বলজ্বল করছে।

নাসার এক্সপ্লোরেশন সিস্টেমস লিডার লেকিশা হকিন্স বলেন, ‘এটা ভেবে খুব ভালো লাগছে যে আমাদের চার বন্ধু ছাড়া পৃথিবীর সবাই এই ছবিতে আছে।’ তিনি আরও জানান যে মিশনটি ভালোভাবে চলছে। শুক্রবার শেষবিকালে ওয়াইজম্যান ও তার দল পৃথিবী থেকে ১ লাখ ১০ হাজার মাইলেরও (১ লাখ ৮০ হাজার কিলোমিটার) বেশি দূরে ছিলেন এবং কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে তাদের আরও ১ লাখ ৫০ হাজার মাইল (২ লাখ ৪০ হাজার কিলোমিটার) পথ অতিক্রম করতে হবে। সোমবার তাদের গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে।

চন্দ্র অভিমুখে ছুটে চলা নভোযান থেকে ক্যামেরায় ধারণ করা পৃথিবীর চিত্র। ছবি: এএফপি

তিনজন আমেরিকান ও একজন কানাডিয়ান তাদের ওরিয়ন ক্যাপসুলে করে চাঁদের চারপাশে ঘুরবেন, একটি ইউটার্ন নেবেন এবং তারপর না থেমে পৃথিবীর দিকে ফিরে আসবেন। মিশন কন্ট্রোল ক্যাপসুলের অবস্থান পরিবর্তন করার পর মেরুপ্রভাসহ পুরো পৃথিবী তাদের জানালায় ভেসে ওঠে। একটি টিভি সাক্ষাৎকারে ওয়াইজম্যান বলেন, ‘এটি ছিল সবচেয়ে দর্শনীয় মুহূর্ত, এবং এটি আমাদের চারজনকেই থমকে দিয়েছিল।’

এর আগে বৃহস্পতিবার রাতে উৎক্ষেপণের ১ ঘণ্টা ১৪ মিনিট পর ‘ওরিয়ন ক্যাপসুল’ রকেট থেকে বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৯ মিনিটে বিচ্ছিন্ন হয়ে প্রথমে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে। এই ট্রান্সলুনার ইনজেকশন কৌশল প্রায় ৬ মিনিট ধরে চলার পর এটি চাঁদের দিকে যাত্রা শুরু করে। মিশনের চতুর্থ দিনে বাংলাদেশ সময় রাত ২টায় চাঁদের পেছনের পাশ দিয়ে ফ্লাইবাই (চাঁদকে সবচেয়ে কাছাকাছি পাস করার সময়) বা গড়িয়ে যাওয়ার পর্যায়ে পৌঁছবে। ১০ এপ্রিল বাংলাদেশ সময় রাত ২টা ৬ মিনিটে এটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে এবং উদ্ধারকারী দল মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে আনবে। ১৯৭২ সালের অ্যাপোলো-১৭-এর পর তারাই প্রথম চন্দ্রযাত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা