প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ২১:৪৮ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬ ১০:১০ এএম
আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালানোর ঘটনায় পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন পাস্তুন মানবাধিকারকর্মী ফজল উর রহমান আফ্রিদি। তিনি দাবি করেন, একটি হাসপাতালে বোমা হামলায় প্রায় ৪০০ রোগী নিহত এবং বহু মানুষ আহত হয়েছে।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬১তম অধিবেশনের সাইডলাইনে বক্তব্য রাখতে গিয়ে আফ্রিদি এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, এ ধরনের হামলা মানবাধিকার ও মানবিক আইনের পরিপন্থী এবং এর জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি।
আফ্রিদি আরও অভিযোগ করেন, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান অঞ্চলে সামরিক অভিযানের ফলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তার দাবি, চলমান সামরিক অভিযান ও সীমান্ত উত্তেজনার কারণে বেসামরিক জনগণ ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আফ্রিদি জাতিসংঘের প্রতি আহ্বান জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে। এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।