প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ১০:১১ এএম
চলমান যুদ্ধে ইরানের তেজি মনোভাবের বিপরীতে সুর বেশ নরম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
যুদ্ধের ঝাঁজ বাড়াচ্ছে ইরান। জ্বলছে কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, প্রধান তেল ও পানি শোধনাগার, হামলা-আগুন। পুড়ছে আরব আমিরাতের অন্যতম প্রধান গ্যাসক্ষেত্রে। এখানেই শেষ নয়। নিজেদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরের পর সেটির অনুসন্ধানে নামা হেলিকপ্টারও ভূপাতিত করার দাবি করেছে ইরান।
চলমান যুদ্ধে ইরানের তেজি মনোভাবের বিপরীতে সুর বেশ নরম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বারবার অবস্থান পাল্টাচ্ছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট। ট্রাম্প বারবার বলে আসছিলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ তিনি ধ্বংস করবেন। কিন্তু সম্প্রতি তিনি বলেছেন, ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে তিনি এখন আর ভাবছেন না।
কয়েক দিন আগেও ট্রাম্প দাবি করে আসছিলেন, তার প্রধান লক্ষ্য হলো ইরানি শাসনব্যবস্থার পতন ঘটানো এবং দেশটির পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা। কিন্তু এখন সেই অবস্থান পাল্টাচ্ছেন। গত বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের ইউরেনিয়াম মজুদ সম্পর্কে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “সেগুলো মাটির অনেক গভীরে রয়েছে, আমি ওটা নিয়ে ভাবছি না।”
এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মতে, ইরানের কাছে মাটির নিচে লুকানো প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির অভ্যন্তরে মাটির নিচে থাকা ইউরেনিয়াম জব্দ করার লক্ষ্যে একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ সামরিক অভিযান চালানোর কথা বিবেচনা করছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে তেহরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার শিকার যুদ্ধবিমানটির পাইলট গুরুতর আহত হওয়ায় তার বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স ও নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
বলা বাহুল্য, এফ-৩৫ হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান, যা রাডার ফাঁকি দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেও অভিযান চালাতে পারে। গতকাল শুক্রবার ভোরে ড্রোন হামলার শিকার হয়েছে প্রধান তেল শোধনাগার ও রপ্তানি কেন্দ্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের মিনা আল-আহমাদি শোধনাগার; যা কুয়েত শহরের দক্ষিণে প্রায় ২৮ মাইল দূরে প্রধান তেল শোধনাগার ও রপ্তানি কেন্দ্র শুক্রবার ভোরে ড্রোন হামলার শিকার হয়েছে।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, শুক্রবার ভোরে আল-আহমাদি এলাকায় কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন পরিচালিত একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে শোধনাগারের একাধিক কার্যকরী ইউনিটে আগুন ধরে যায়।
এদিকে কুয়েত সরকারের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে তেহরান দেশটির একটি বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগার প্লান্টে হামলা চালায়। উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ওপর হামলার ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়েছে। কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা আব্বাস জওহর হায়াত এক্সে জানান, এই হামলায় প্লান্টের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র ‘হাবশান গ্যাস কমপ্লেক্স’-এ অগ্নিকাণ্ড ঘটেছে। আকাশপথে ধেয়ে আসা একটি ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ আছড়ে পড়লে এ আগুনের সূত্রপাত হয়। আবুধাবি মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। আমিরাতে গতকাল শুক্রবার ২২টি ক্ষেপণাস্ত্র ও ৪৭টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে প্রবাসী কর্মীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত তেহরান যুদ্ধ চালিয়ে যাবে।
শুক্রবার এক বক্তব্যে তিনি জানান, ইরানের কৌশল শুধুমাত্র পাল্টা হামলায় সীমাবদ্ধ নয়, তাদের লক্ষ্য আগ্রাসী পক্ষকে এমনভাবে শাস্তি দেওয়া, যাতে ভবিষ্যতে তারা পুনরায় হামলার সাহস না করে।
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবেদ জারিফ চলমান সংকট থেকে উত্তরণের জন্য তার দেশকে ‘বিজয় ঘোষণা’ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এমন একটি সমঝোতায় পৌঁছানো উচিত, যা বর্তমান সংঘাতের অবসান ঘটাবে এবং ভবিষ্যতে নতুন সংঘাতের ঝুঁকিও কমাবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ফরেইন অ্যাফেয়ার্সে প্রকাশিত এক নিবন্ধে জারিফ ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে একটি রূপরেখা তুলে ধরেন।
ইরানের সামরিক সক্ষমতা হ্রাস পেয়েছে বলে ট্রাম্প যে দাবি করেছেন, তাকে সরাসরি নাকচ করে দিয়েছে খোদ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। এক সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলা সত্ত্বেও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও সম্পূর্ণ অক্ষত রয়েছে। এ ছাড়া তেহরানের অস্ত্রাগারে হাজার হাজার ড্রোন এবং উপকূলীয় প্রতিরক্ষায় ব্যবহৃত ক্রুজ মিসাইল মজুদ রয়েছে, যা মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘমেয়াদি হামলা চালানোর জন্য যথেষ্ট।
বিশেষজ্ঞদের মতে, ইরান তাদের ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক ব্যবহার করে বিশাল অস্ত্রভান্ডার রক্ষা করতে সক্ষম হয়েছে। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের সেই বক্তব্যের সম্পূর্ণ বিপরীত, যেখানে তিনি দাবি করেছিলেন যে, ইরানের সামরিক শক্তি ধূলিসাৎ হয়ে গেছে এবং তারা যুদ্ধ জয়ের পথে।
এদিকে ইরানে বোমা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, রাজধানী তেহরানের উত্তরে অবস্থিত শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। এ ছাড়া তেহরানের পশ্চিমে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া তেহরান ও কারাজ শহরকে সংযোগকারী নতুন একটি সেতুতে বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৮ জন নিহত ও ৯৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
পাইলটের অনুসন্ধানে পুরস্কার ঘোষণা
যুদ্ধবিমান এফ-৩৫ ভূপাতিত করার পর পাইলটের খোঁজে অভিযান শুরু করেছে ইরানের সেনাবাহিনী। পাইলটের সন্ধান দিতে পুরস্কারও ঘোষণা করেছে দেশটি।
ইরানের সংবাদ সংস্থা ফারস-এর বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আঘাতপ্রাপ্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পেতে তল্লাশি অভিযান শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল ভূপাতিত মার্কিন বিমানের ধ্বংসাবশেষ দাবি করে একটি ভিডিও প্রচার করেছে।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরের পর সেটির অনুসন্ধানে নামা হেলিকপ্টারও ভূপাতিত করার দাবি করেছে ইরান। হেলিকপ্টারটিতে একটি প্রজেক্টাইল আঘাত করে বলে ইরানের মেহের নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানায়।
ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিবিএস নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ওই ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।