প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ০৯:৪৪ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬ ১১:১৬ এএম
ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ইসতিয়াক সেলিম (৩৪) নামের এক খ্রিস্টান যুবক মৃত্যুদণ্ডের মুখোমুখী হয়েছেন। অ্যালায়েন্স ডিফেণ্ডিং ফ্রিডম ইন্টারন্যাশনাল (এডিএফ) জানিয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ধর্মীয় অবমাননাকর ছবি শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর সেলিমের বিচারের কার্যক্রম সমাপ্ত হয়েছে।
২০২২ সালের নভেম্বর মাসে ইসলামাবাদের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করে। সেলিমের বিচারের শুনানি শেষ হলেও তার কথিত সহযোগী মুহাম্মদ উমাইরের শুনানি শেষ হলে আদালত রায় ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
অভিযুক্ত সেলিম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার বাবা দাবি করেছেন, সেলিম একটি সোশ্যাল মিডিয়া গ্রুপে আসা ছবি অনিচ্ছাকৃতভাবে ডাউনলোড করেছিলেন। এমনকি ছবিগুলো তার ফোনে থাকা সম্পর্কেও তিনি অবগত ছিলেন না।
এডিএফ ইন্টারন্যাশনাল দাবি করেছে, এই মামলাটি একটি "ব্লাসফেমি বিজনেস গ্রুপ" কর্তৃক সাজানো। পাকিস্তানের ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস-এর একটি প্রতিবেদন অনুসারে, এই গ্রুপটি ব্ল্যাকমেল ও চাঁদাবাজির উদ্দেশ্যে মিথ্যা ব্লাসফেমি অভিযোগ সাজিয়ে থাকে।
এডিএফ ইন্টারন্যাশনাল বলেছে, সেলিম গত তিন বছর ধরে কারাগারে বন্দি এবং বারবার তার জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। তারা এই মিথ্যা অভিযোগের নিন্দা জানিয়েছে এবং সেলিমের অবিলম্বে মুক্তি দাবি করেছে।
পাকিস্তান দণ্ডবিধির ২৯৫-সি ধারা অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অপমান করার শাস্তি বাধ্যতামূলক মৃত্যুদণ্ড।