লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে অন্তত সাতটি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
আল-জাজিরার প্রতিবেদন অনুসারে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুসারে, এই হামলার পর উত্তর ইসরায়েলের উপকূলীয় শহর নাহারিয়া এবং পশ্চিম গ্যালিলির বিস্তীর্ণ এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
প্রতিবেদনে বলা হয়, লেবানন সীমান্ত অতিক্রম করে রকেটগুলো ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ছোড়া রকেটগুলোর মধ্যে কয়েকটি খোলা জায়গায় পড়েছে এবং বাকিগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এখন পর্যন্ত লেবাননের কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ নিয়মিতভাবে উত্তর ইসরায়েলে এ ধরনের হামলা চালিয়ে আসছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।