ইরান যুদ্ধ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১৫:১৭ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬ ১৫:৩১ পিএম
জেনারেল র্যান্ডি জর্জ গত ২ মার্চ হোয়াইট হাউসের ইস্ট রুমে একটি মেডেল অফ অনার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ছবি: উইন ম্যাকনামি/গেটি ইমেজেস
ইরান যুদ্ধ চলাকালীন হঠাৎ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র্যান্ডি জর্জকে তাৎক্ষণিকভাবে অবসরে যেতে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এছাড়া আরও দুজন জেনারেলকে পদচ্যুত করা হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণের একদিন পর বৃহস্পতিবার এই ঘোষণা আসে। ওই ভাষণে ট্রাম্প ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা আরও জোরদার করবে, যদিও এর আগে তিনি বলেছিলেন যুদ্ধ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে।
বরখাস্ত দুই জেনারেল হলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চিফ অব চ্যাপলিনস মেজর জেনারেল উইলিয়াম গ্রিন জুনিয়র এবং আর্মি ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের কমান্ডার জেনারেল ডেভিড হডনে।
পেন্টাগনের এক কর্মকর্তা সিএনএনকে জানান, পিট হেগসেথ জেনারেল র্যান্ডি জর্জকে তাৎক্ষণিকভাবে অবসরে যেতে নির্দেশ দেন। পাশাপাশি আরও দুইজন জেনারেলকে বরখাস্ত করা হয়েছে।
পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জর্জের অবসরের বিষয়টি নিশ্চিত করে বলেন, “জেনারেল র্যান্ডি এ. জর্জ তাৎক্ষণিকভাবে ৪১তম আর্মি চিফ অব স্টাফের পদ থেকে অবসর নিচ্ছেন। জাতির প্রতি তার দীর্ঘদিনের সেবার জন্য আমরা কৃতজ্ঞ।”
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, হঠাৎ এ সিদ্ধান্তে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব বিস্মিত। আরেক কর্মকর্তা জানান, জর্জ একটি বৈঠকে থাকার সময় হেগসেথের ফোনে বিষয়টি জানতে পারেন। পরে তিনি নিজে তার স্টাফদের সঙ্গে কথা বলেন, যারা খবরটি শুনে স্থির প্রতিক্রিয়া দেখান।
একজন কর্মকর্তা মন্তব্য করেন, “এটা খুব ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত বলে মনে হয় না।”
ইরানের সঙ্গে চলমান সংঘাতে বর্তমানে জর্জের নেতৃত্বে সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।
সিবিএস নিউজ প্রথম জর্জকে অপসারণের খবর প্রকাশ করে।
জর্জ ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি জয়েন্ট বেস লুইস-ম্যাককর্ডে আই কর্পসের কমান্ডার ছিলেন এবং বাইডেন প্রশাসনের সময় প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন-এর সামরিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।