হরমুজ প্রণালি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১১:০৭ এএম
পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝে অবস্থিত হরমুজ প্রণালি। ছবি: শিপঅ্যাটলাস, মেরিটাইম অপটিমা
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আনা প্রস্তাবে ভোট একদিন পিছিয়ে শুক্রবারের পরিবর্তে শনিবার নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ এই প্রস্তাবে ভোট দেবেন। এর আগে প্রস্তাবটি উত্থাপন করেছে বাহরাইন। প্রস্তাবে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করার কথা বলা হয়েছে।
এই পথ বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে যেকোনো অস্থিরতা বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্স জানিয়েছে, প্রস্তাবের খসড়ায় ‘প্রয়োজনীয় সকল প্রতিরক্ষামূলক উপায় ব্যবহারের’ অনুমোদনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
তবে এই প্রস্তাব পাস হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে শক্তি প্রয়োগের প্রসঙ্গ থাকায় বিরোধিতা করছে পরিষদের স্থায়ী সদস্য চীন।
চীন ইতোমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা এমন কোনো প্রস্তাবের বিরোধিতা করে যেখানে শক্তি প্রয়োগের কথা উল্লেখ আছে।
ভেটো ক্ষমতার কারণে চীনের অবস্থান প্রস্তাবটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।