প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ১৩:৪০ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬ ১৩:৪১ পিএম
অধিকৃত পশ্চিম তীরের পূর্ব নাবলুসের আসকার শরণার্থী শিবিরে ২ মার্চ সামরিক অভিযান চলাকালে ইসরায়েলি সৈন্যরা একটি রাস্তায় টহল দিচ্ছে। ছবি: (জাফর আশতিয়েহ/এএফপি)।
ইসরায়েলের নেসেট ফিলিস্তিনিদের লক্ষ্য করে একটি মৃত্যুদণ্ড আইন পাস করেছে। এই আইন পাসের মাধ্যমে পশ্চিম তীরকে কার্যত ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার (ডি ফ্যাক্টো অ্যানেক্সেশন) ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মত বিশ্লেষকদের।
সোমবার পাস হওয়া এই আইনে জাতীয় পরিচয়ের ভিত্তিতে শাস্তি নির্ধারণের পৃথক ব্যবস্থা রাখা হয়েছে, যা দেশ-বিদেশের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছে।
আইন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিরা সামরিক আদালতে বিচারের সম্মুখীন হলে তাদের জন্য মৃত্যুদণ্ডকে ডিফল্ট বা স্বাভাবিক শাস্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে।
ফিলিস্তিনি পরিচালিত আইনি সংস্থা আদালাহ- এর আইনি পরিচালক সুহাদ বিশারা এক বিবৃতিতে বলেন, এই আইন রাষ্ট্রীয়ভাবে ঠান্ডা মাথায় হত্যার বৈধতা দিচ্ছে। তার ভাষায়, “আইনটি পরিকল্পিতভাবে শুধুমাত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে তৈরি, যা সমতা ও বর্ণবৈষম্যবিরোধী নীতির পরিপন্থী।”
আইনটির বিরুদ্ধে ইসরায়েলের সর্বোচ্চ আদালতে আবেদন করার ঘোষণা দিয়েছে আদালাহ। একই সঙ্গে আরেক মানবাধিকার সংগঠন এ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস ইন ইসরায়েল জানিয়েছে, তারাও এই আইনের বিরুদ্ধে পিটিশন দায়ের করেছে।
সংগঠনটি বলেছে, পশ্চিম তীরের জন্য আইন প্রণয়নের কোনও এখতিয়ার নেসেটের নেই, কারণ অঞ্চলটি ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ড নয়। পাশাপাশি তারা দাবি করেছে, আইনটি জীবনের অধিকার, মানব মর্যাদা, ন্যায়বিচার ও সমতার মতো মৌলিক অধিকার লঙ্ঘন করছে, যা ইসরায়েলের ‘বেসিক ল’ দ্বারা সুরক্ষিত।
নতুন আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনিদের বিষয়ে কার্যত তথ্য গোপন রাখার সুযোগ রাখা হয়েছে। এতে গোপনে ফাঁসির মাধ্যমে দণ্ড কার্যকর এবং ‘ডেথ রো’ বন্দিদের প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখার বিধান রয়েছে।
আইনে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ আওতায় সংঘটিত হত্যাকাণ্ডে দোষী সাব্যস্তদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কথা বলা হলেও, সমালোচকদের মতে এটি কার্যত ইসরায়েলি নাগরিকদের এই শাস্তির বাইরে রাখে।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, ১৯৬৭ সালের যুদ্ধে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখলের পর অঞ্চলটি এখনও অধিকৃত হিসেবেই বিবেচিত। সে হিসেবে সেখানে ইসরায়েলের অভ্যন্তরীণ আইন প্রয়োগ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
সূত্র: মিডলইস্টআই