প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ১১:৪৪ এএম
দক্ষিণ লেবাননে বাস্তুচ্যুতদের জন্য ভ্রাম্যমান ত্রাণ কার্যক্রমের চিত্র। ছবি: আল জাজিরা ভিডিও থেকে
দক্ষিণ লেবাননে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ে তোলার পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, এই অঞ্চলটি লিতানি নদী পর্যন্ত বিস্তৃত হতে পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লিতানি নদী কোথাও ইসরায়েল সীমান্তের খুব কাছাকাছি, আবার কোথাও দক্ষিণ লেবাননের ভেতরে প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ফলে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে বড় প্রভাব পড়তে পারে।
এদিকে, ইসরায়েল দক্ষিণ লেবাননে ব্যাপকভাবে উচ্ছেদ নির্দেশ জারি করেছে। এই নির্দেশনা শুধু লিতানি নদীর দক্ষিণাঞ্চলেই সীমাবদ্ধ নয়, বরং জাহরানি নদী পর্যন্ত বিস্তৃত এলাকার মানুষদেরও অন্তর্ভুক্ত করেছে।
একই সঙ্গে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোর ওপরেও উচ্ছেদ নির্দেশনা বহাল রয়েছে। এতে করে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ইসরায়েলি স্থল অভিযানের তৎপরতা আরও বেড়েছে। নাকোউরা এলাকা থেকে শুরু করে উপকূলীয় অঞ্চল এবং পূর্বাঞ্চল পর্যন্ত বিভিন্ন জায়গায় সেনা চলাচল ও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
একই সঙ্গে খিয়াম এলাকাও সংঘর্ষের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এই পরিস্থিতিতে হিজবুল্লাহ পাল্টা প্রতিরোধের দাবি করেছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, খিয়াম এলাকায় ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।
পাশাপাশি সীমান্তবর্তী বসতি এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাতেও হামলার দাবি করেছে সংগঠনটি।