প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ১০:৩৪ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬ ১০:৪৪ এএম
শান্তির আহ্বানের পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের।
ইরানে চলমান যুদ্ধের মধ্যে একদিকে শান্তি আলোচনার কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা যুক্তরাষ্ট্রের দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বলেছে—মধ্যপ্রাচ্যে অতিরিক্ত প্রায় ১০ হাজার পর্যন্ত স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিকল্পনার সম্পর্কে জানেন এমন কর্মকর্তাদের মতে, সম্ভাব্য এই অতিরিক্ত বাহিনীতে পদাতিক সেনা ও সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে।
এর মাধ্যমে প্রয়োজনে দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়ানো এবং প্রেসিডেন্টকে আরও কৌশলগত বিকল্প দেওয়াই মূল উদ্দেশ্য বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ৫ হাজার মেরিন সেনা এবং প্রায় ২ হাজার প্যারাট্রুপারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, তাদের সঙ্গে আরও প্রায় ১০ হাজার সেনা যুক্ত করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
একদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা রেখে অন্যদিকে সামরিক শক্তি বাড়ানোর এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় তা এখন দেখার বিষয়।