প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ০৯:০৪ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি রয়টার্স
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার মতে, তেহরান এই আগ্রহ প্রকাশ করতে ভয় পাচ্ছে, কারণ তারা মনে করছে, তাদের হত্যা করা হতে পারে।
ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের নৈশভোজে বুধবার দেওয়া বক্তব্যে এ সব কথা বলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, , “মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমরা যা করছি, তা আগে কখনও কেউ দেখেনি। তারা আসলে আলোচনা করছে এবং চুক্তি করতে খুবই আগ্রহী। কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে।
“ তাদের ধারণা, নিজেদের লোকজনের হাতেই তারা নিহত হতে পারেন। একই সঙ্গে আমাদের হাতে মারা যাওয়ার ভয়ও পাচ্ছে।”
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ইরানের সঙ্গে কথোপকথনের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাব তাৎক্ষণিকভাবে গ্রহণ করেনি তেহরান।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রশাসনের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, পাকিস্তানে একটি সম্ভাব্য বৈঠকের আয়োজনের চেষ্টা চলছে। সেখানে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে বিকল্প পথ নিয়ে আলোচনা হতে পারে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্বীকার করেছেন যে যুদ্ধবিরতি প্রসঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান-প্রদান হয়েছে।
তবে তিনি স্পষ্ট করে বলেন, এই যোগাযোগকে সরাসরি ‘আলোচনা’ হিসেবে দেখা উচিত নয়।