আলজাজিরা
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ১৮:১৫ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
ইরানের সঙ্গে ‘ভালো এবং ফলপ্রসূ’ আলোচনার পরিপ্রেক্ষিতে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ সোমবার দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতার একটি সম্পূর্ণ এবং চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে”।
তিনি আরও যোগ করেন, “আমি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি যাতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে যে কোনো এবং সব ধরণের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়। তবে এটি চলমান বৈঠক এবং আলোচনার সফলতার ওপর নির্ভর করবে” লেখেন ট্রাম্প।
এর আগে, শনিবার ট্রাম্প তেহরানকে হরমুজ প্রণালী সব ধরনের জাহাজের জন্য খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, অন্যথায় যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘বিধ্বস্ত’ করে দেবে।
পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান জানিয়েছিল যে, তারা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশের ট্রানজিট পয়েন্ট—এই প্রণালীটি সম্পূর্ণ বন্ধ করে দেবে। এছাড়া তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলারও হুমকি দিয়েছিল।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস সোমবার প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ওয়াশিংটন যদি তাদের হুমকি কার্যকর করে, তবে ইরান সেই সব অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে যেখান থেকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেই সঙ্গে তারা ‘আমেরিকানদের অংশীদারিত্ব রয়েছে এমন অর্থনৈতিক, শিল্প ও জ্বালানি অবকাঠামোতে’ হামলার হুঁশিয়ারিও দেয়।
এছাড়া দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানের প্রতিরক্ষা কাউন্সিল সতর্ক করে দিয়েছে যে, ইরানের দক্ষিণ উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো হামলা হলে তারা পারস্য উপসাগরে সমুদ্র-মাইন বিছিয়ে দেবে, যা এই অঞ্চলের নৌ-যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেবে।