প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ০৯:৩৪ এএম
প্ল্যানেট ল্যাবস পিবিসি থেকে সংগৃহীত এই স্যাটেলাইট ছবিতে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপের টারমাকে যুক্তরাষ্ট্রের ছয়টি বি-২ বোমারু বিমান দেখা যাচ্ছে। ফাইল ছবি: এএফপি
মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে এবার ভারত মহাসাগর অঞ্চলেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দিয়াগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরান অন্তত দুটি মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর একটি মাঝপথেই যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়। অপর ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ থেকে ছোড়া প্রতিরোধমূলক ইন্টারসেপ্টর মিসাইলের মাধ্যমে ধ্বংস করা হয়।
দিয়াগো গার্সিয়া দ্বীপটি ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে, বিষুবরেখার দক্ষিণে অবস্থিত এবং এটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনার পরপরই হোয়াইট হাউস কিংবা ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও বার্তা সংস্থা রয়টার্সের বরারত দিয়ে এ তথ্য জানিয়েছ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।