প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মার্চ ২০২৬ ১৩:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও ইরানে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার আলাপকালে তিনি এ ইঙ্গিত দেন।
এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “না, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না। যদি পাঠাতামও, তাহলে হয়তো আপনাদের তা জানাতাম না। তবে আমি সেনা পাঠাচ্ছি না।” তার এই মন্তব্য এমন সময় এলো, যখন ইরানকে ঘিরে চলমান সংঘাত চতুর্থ সপ্তাহে গড়িয়েছে।
ইরানের অস্ত্র কর্মসূচি—বিশেষ করে পারমাণবিক সক্ষমতা—নিয়ে যুক্তরাষ্ট্র কতদূর পর্যন্ত পদক্ষেপ নেবে, তা নিয়ে ওয়াশিংটনে এখনও পর্যালোচনা চলছে। এর মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য পরিস্থিতি সম্পর্কে একটি স্পষ্ট বার্তা দেয়।
এর আগে গত গ্রীষ্মে এক সামরিক অভিযানের পর ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হয়েছে। তবে বিভিন্ন সূত্রের মতে, ধ্বংসস্তূপের নিচে এখনও কিছু পারমাণবিক সরঞ্জাম চাপা পড়ে থাকতে পারে, যা উদ্ধার বা জব্দ করার বিষয়টি আলোচনায় রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অভিযান পরিচালনা করতে হলে বিপুলসংখ্যক সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে। তবে বর্তমান অবস্থায় সে পথে না হাঁটার ইঙ্গিতই দিয়েছেন ট্রাম্প।