প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মার্চ ২০২৬ ০৮:৫৪ এএম
আপডেট : ২০ মার্চ ২০২৬ ০৯:১০ এএম
ইরানের দাবি , তাদের শীর্ষ সামরিক কর্মকর্তাদের এবং নৌবাহিনীর সদস্যদের হত্যার জবাব দিতেই ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়কে লক্ষ্য করে ড্রোন হামলা পরিচালনা করা হয়েছে।
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম জেরুজালেমে অবস্থিত গুরুত্বপূর্ণ এই স্থাপনায় হামলাটি চালানো হয়েছে প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে।
ইরানের দাবি অনুযায়ী, তাদের শীর্ষ সামরিক কর্মকর্তাদের এবং নৌবাহিনীর সদস্যদের হত্যার জবাব দিতেই এ হামলা পরিচালনা করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’র ‘বীরদের রক্তের প্রতিশোধ’ এবং দেশটির গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে আইআরআইএস ডেনাকে লক্ষ্য করে টর্পেডো হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে, যার জন্য যুক্তরাষ্ট্র-কে দায়ী করছে ইরান।
ওই ঘটনায় দেশটির নৌবাহিনীর ৮০ জনের বেশি সদস্য নিহত হন বলে দাবি করা হয়।
চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল পরিচালিত এক বিমান হামলায় নিহত হন ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।