প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ১০:১৮ এএম
ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। ছবি: গেটি ইমেজেস
ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে হামলা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, দূতাবাসকে লক্ষ্য করে একটি রকেট ও অন্তত পাঁচটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ শুরুর পর এটিই সবচেয়ে বড় হামলা বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।
এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানায়, অন্তত তিনটি ড্রোন দূতাবাসের দিকে উড়ে যেতে দেখা গেছে। এর মধ্যে দুটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে, তবে একটি ড্রোন দূতাবাস চত্বরে আঘাত হানে। এরপর সেখানে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় বাগদাদে বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ফোন করলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় বলে রয়টার্স জানায়।
এদিকে হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে ইরাকি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ কূটনৈতিক মিশন তথা ‘গ্রিন জোন’ এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা শুরুর পর ইরান-সমর্থিত মিলিশিয়ারা ইরাকে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়ে আসছে।