প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ১২:১৭ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬ ১২:২১ পিএম
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: এএনআই
ভারতের ওড়িশায় একটি হাসপাতালে আগুন লেগে ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালের ‘ট্রমা কেয়ার আইসিইউ’তে আগুন লাগে।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে, সাতজন রোগী ঘটনাস্থলেই মারা যান। বাকি রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
রোগীদের উদ্ধার করতে গিয়ে ওই ঘটনায় হাসপাতালের ১১জন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা।
সোমবার সকালে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমকে তিনি জানান, “সম্ভবত বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। ট্রমা আইসিইউ, আইসিইউ এবং পার্শ্ববর্তী দোতলার ওয়ার্ডে মোট ২৩ জন রোগী ছিলেন। হাসপাতালের কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধার করেছেন। তাদের মধ্যেও অনেকে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন এখন।”
প্রত্যেক মৃতের পরিবারকে ২৫ লক্ষ রুপি করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
স্থানীয় ওয়ার্ড কর্পোরেটর দীপক কুমার দাস সংবাদ সংস্থা এএনআইকে জানান, “রাত ২টা থেকে আড়াইটের মধ্যে ঘটনাটি ঘটে। আমি খবর পাই রাত তিনটা নাগাদ। সঙ্গে সঙ্গেই হাসপাতালে পৌঁছই আমি। সেই সময়ে বৃষ্টি পড়ছিল। যতদূর জানতে পারছি, বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে পূর্ণাঙ্গ তদন্ত হলে জানা যাবে যে পুরোনো এয়ার কন্ডিশন মেশিন থেকে আগুন লাগে, না কি অন্য কোনো কারণ ছিল।”