প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ ১৫:২৮ পিএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের রাজধানী তেহরানের ঐতিহাসিক গোলেস্তান প্রাসাদের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স
ইরান জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির অন্তত ৫৬টি সাংস্কৃতিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব স্থাপনার মধ্যে রয়েছে জাদুঘর, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভসহ গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের নানা নিদর্শন।
হামলার ফলে এসব স্থাপনা ‘গুরুতর ক্ষতির’ মুখে পড়েছে বলে দাবি করেছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসনাতে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রাজধানী তেহরানে। সেখানে অন্তত ১৯টি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের কুর্দিস্তান প্রদেশেও ১২টি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হামলার কারণে ক্ষতির শিকার হয়েছে।
ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের দাবি, সাম্প্রতিক এই হামলাগুলো দেশটির মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর বড় ধরনের আঘাত হেনেছে।