দাবি ইরানের
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ ১৪:২৫ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৬ ১৪:৫১ পিএম
ইরানের খার্গ দ্বীপ। ছবি: দ্য টেলিগ্রাফ
যুক্তরাষ্ট্রের হামলায় খার্গ দ্বীপের তেল স্থাপনায় কোনও ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইরান। তবে তারা সতর্ক করে বলেছে, অবকাঠামোর ওপর আঘাত হানলে অঞ্চলজুড়ে জ্বালানি স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হবে।
সংবাদ সংস্থা আনাদলু জানিয়েছে, রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাতে শনিবার ভোরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের তেল, অর্থনৈতিক বা জ্বালানি সম্পদের ওপর যেকোনও হামলার জবাবে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সব স্থাপনা ধ্বংস করে দেওয়া হবে।
আরো পড়ুন: ইরানে স্থলসেনা পাঠাল যুক্তরাষ্ট্র
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দ্বীপটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি নৌঘাঁটি ও বিমানবন্দর সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত করা হয়। এতে ১৫টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। তবে দ্বীপটির তেল অবকাঠামোর কোনও ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইরান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানান, যুক্তরাষ্ট্রের বাহিনী খার্গ দ্বীপের সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা দিতে থাকে, তবে দ্বীপটির তেল স্থাপনাতেও হামলা চালানো হতে পারে।
খার্গ দ্বীপ ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০–৯৫ শতাংশ এই দ্বীপ দিয়েই হয়। গত বছর এখান থেকে প্রতিদিন প্রায় ১৭ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছে। ফলে দ্বীপটি ইরানের জ্বালানি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সরকারের আয়ের প্রধান উৎস।