প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ১৯:২০ পিএম
প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
নির্বাচিত হওয়ার ৪ দিন পর প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোজতবা। গত ৮ মার্চ সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর এটাই হবে তার প্রথম আনুষ্ঠানিক ভাষণ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিনেই নিহত হন তার বাবা, ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় মোজতবা খামেনিও আহত হন বলে জানা গেছে। তবে তার আঘাতের ধরন বা বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে পা এবং চোখে চোট পেয়েছেন মোজতবা।
আয়াতুল্লাজ খামেনি নিহতের পর ৮৮ জন শিয়া মুসলিম কর্মকর্তার সমন্বয়ে গঠিত ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তিনি দেশটির তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তাদের নতুন কমান্ডার-ইন-চিফ মোজতবা খামেনির প্রতি “শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত” অনুগত থাকার শপথ নিয়েছে ইরানের সেনাবাহিনীসহ সব নিরাপত্তা বাহিনী।