প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ ১৫:০৩ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬ ১৫:১৯ পিএম
নেতানিয়াহুর সঙ্গে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর মার-এ-লাগো ক্লাবে সংবাদ সম্মেলন করেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: গেটি ইমেজেস
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে রবিবার মুজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচনের পরেই টাইমস অব ইসরায়েলকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এমনটি জানান।
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত তিনি একাই নেবেন, নাকি নেতানিয়াহুও এতে ভূমিকা রাখবেন- টাইমস অব ইসরায়েলের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “আমার মনে হয় এটি যৌথ সিদ্ধান্ত হবে… কিছুটা। আমরা এ বিষয়ে কথা বলছি। সঠিক সময়ে আমি সিদ্ধান্ত নেব, তবে সব বিষয় বিবেচনায় নেওয়া হবে।”
যদি যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবুও ইসরায়েল কি যুদ্ধ চালিয়ে যেতে পারে- এ প্রশ্নে ট্রাম্প সরাসরি উত্তর না দিয়ে বলেন, “আমার মনে হয় সেটার প্রয়োজন হবে না।”
তিনি বলেন, “ইরান ইসরায়েল এবং আশপাশের সবকিছু ধ্বংস করে দিতে যাচ্ছিল। আমরা একসঙ্গে কাজ করেছি। এমন একটি দেশকে আমরা ধ্বংস করেছি, যে দেশটি ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল।”
যুদ্ধ কতদিন চলতে পারে- এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দিতে ট্রাম্প এড়িয়ে গেলেও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শুক্রবার জানান, ওয়াশিংটনের ধারণা যুদ্ধটি চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
ইরান দুর্বল হলে হামাস কি নিরস্ত্র হবে?
ইরানের আর্থিক সহায়তা দীর্ঘদিন ধরে পেয়ে আসা ফিলিস্তিনি সংগঠন হামাসের ওপর যুদ্ধের প্রভাব সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ইরান দুর্বল হয়ে পড়ায় অনেক গোষ্ঠীই অস্ত্র ছাড়তে বাধ্য হবে।
তিনি বলেন, “অনেকেই এই যুদ্ধের কারণে নিরস্ত্র হবে। কারণ এখন ইরান এমন অবস্থায় আছে, যেটা তারা আগে কখনও দেখেনি, আর পরিস্থিতি তাদের জন্য আরও খারাপ হতে যাচ্ছে।”
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করে, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।